হুইলচেয়ারে বন্দী থাকেনি মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওর বয়স ১৩! নাম নুসরাত জাহান। দুই পা ও ডান হাত অসাড়। চলাফেরা করে হুইলচেয়ারে। নিয়মিত বিদ্যালয়ে যায়। পরীক্ষায় অংশ নেয়। কৃতকার্য হয়। এবারও সে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে।বাড়ি থেকে তিন কিলোমিটার দূরের কেন্দ্রে এসে পরীক্ষা দিয়েছে। সব পরীক্ষা তার ভালো হয়েছে। ভবিষ্যতে আদর্শ একজন শিক্ষক হতে চায় নুসরাত।শারীরিক প্রতিবন্ধী হয়েও আর দশটা ছেলেমেয়ের মতোই মানুষ হওয়ার সংগ্রামে ব্রতী এ মেয়েটি। তার বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামে। চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করে সে। তার বাবা সাইফুল ইসলাম শিক্ষক ও মা খালেদা ইসলাম গৃহিণী।জেএসসি পরীক্ষা শুরু (৪ নভেম্বর) থেকে শেষ দিন (১৫ নভেম্বর) পর্যন্ত সে হুইলচেয়ারে করে বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে আসা-যাওয়া করেছে। মা-বাবা তাকে হুইলচেয়ারে বসিয়ে বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্র চুয়াডাঙ্গা ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আনা-নেওয়া করেছেন।বাবা সাইফুল ইসলাম জানান, নুসরাত বাঁ হাত দিয়ে লেখে। আগের সব পরীক্ষায় নিজে লিখলেও সময় বিবেচনা করে জেএসসি পরীক্ষায় ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর অন্য এক ছাত্রী নুসরাতকে লেখক (রাইটার) হিসেবে সহায়তা করেছে। পরীক্ষা পরিচালনা কমিটির অনুমতি নিয়েই এটি করা হয়েছে। মা খালেদা ইসলাম জানান, মস্তিষ্কে সমস্যার কারণে শিশুকাল থেকেই নুসরাতের হাত-পা অসাড়। স্পষ্টভাবে কথা বলতে সমস্যা হয়। এর পরও ছোট থেকেই পড়াশোনার প্রতি তার খুবই আগ্রহ। তিনি আরও জানান, প্রথম শ্রেণী থেকে এ পর্যন্ত কোনো দিন পরীক্ষায় অকৃতকার্য হয়নি সে। পড়াশোনার প্রতি তার আগ্রহ দেখে বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে খুব ভালোবাসেন। ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা প্রথম আলোকে জানান, প্রতিবন্ধী হয়েও পড়াশোনার প্রতি নুসরাতের বরাবরই প্রচণ্ড আগ্রহ। অসুস্থ না হলে স্কুলে অনুপস্থিত থাকেনি। সে জেএসসি পরীক্ষায় ভালো ফল করবে।