হুইলচেয়ারে বিশ্ব ভ্রমণে যাচ্ছেন বাংলাদেশি যুবক
প্রতিবন্ধীদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে হুইলচেয়ারে করে বিশ্বভ্রমণে বের হচ্ছেন বাংলাদেশের প্রতিবন্ধী যুবক মহরম আলী। তাঁর এ ভ্রমণের নাম দেওয়া হয়েছে ‘মহরম’স হুইলস্’। ২৫ জুন তিনি যাত্রা শুরু করবেন।মহরম আলীর যাত্রার শুভকামনা করে গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তৃণমূল ব্যক্তিদের আন্দোলনের পক্ষ থেকে মহরমকে সংবর্ধনা এবং সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।মহরম আলী প্রথম আলোকে জানান, তাঁর এ ভ্রমণের উদ্দেশ্য, বিশ্বব্যাপী প্রতিবন্ধীদের সচেতনতা সৃষ্টি, প্রতিবন্ধীদের জন্য তহবিল সংগ্রহ এবং বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ। ২৫ জুন তিনি ভারতের উদ্দেশে রওনা হবেন। এরপর এশিয়া, ইউরোপ ও আমেরিকা মহাদেশের ১৬টি দেশ ভ্রমণ করবেন। ডিসেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গিয়ে তাঁর এ যাত্রা শেষ হবে।মহরম জানান, দেশি-বিদেশি কয়েকটি প্রতিষ্ঠান তাঁর এ যাত্রায় সহযোগিতা করছে। তাঁর এ ভ্রমণে যে পরিমাণ টাকা খরচ হবে, এর বেশির ভাগই সংগ্রহ হয়েছে। এখনো প্রায় দুই লাখ টাকা জোগাড় করতে হবে।