হুইলচেয়ারে বিশ্বভ্রমণ শুরু করলেন মহরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারীরিক প্রতিবন্ধী যুবক মহরম আলী হুইলচেয়ারে করে বিশ্বভ্রমণ শুরু করেছেন। গতকাল শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন।মহরম আলী (২৪) জানান, প্রতিবন্ধীদের জন্য ‘বিশ্ব প্রতিবন্ধিতা তহবিল’ গঠনের ব্যাপারে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করতেই তাঁর এ বিশ্বভ্রমণ। তাঁর বাড়ি নাটোরের সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের দক্ষিণপুর গ্রামে। দেড় বছর বয়সে তিনি পোলিওতে আক্রান্ত হন এবং তাঁর এক হাত ও পা কার্যক্ষমতা হারায়। বর্তমানে তিনি সাভারে অবস্থিত পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) কর্মরত।মহরমের বিশ্বভ্রমণ উপলক্ষে শহীদ মিনারে এক অনুষ্ঠানের আয়োজন করে সিআরপি। অনুষ্ঠানে জানানো হয়, তিনি এশিয়া, ইউরোপ ও আমেরিকার ১৬টি দেশ ভ্রমণ করবেন। এই যাত্রা শেষ হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। আকাশপথ পরিহার করে তিনি নিজ হুইলচেয়ারে বাস, ট্রেন ও জাহাজে চড়ে ভ্রমণ করবেন।সিআরপির এক কর্মকর্তা জানান, এই ভ্রমণে মহরম আলীর সঙ্গে কেউ থাকছে না। ১৮ হাজার ৭০০ কিলোমিটার দীর্ঘ এই পথ তিনি পাড়ি দেবেন একাই। সময় লাগবে ছয় থেকে আট মাস।বিশ্বভ্রমণে আগ্রহী হওয়ার কারণ সম্পর্কে মহরম বলেন, গত বছর মেক্সিকোর কানকুনে জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে জলবায়ু পরিবর্তন পুনরুদ্ধার তহবিল গঠন করার খবর শুনে তিনি ভাবতে থাকেন, প্রতিবন্ধীদের জন্যও এমন কোনো তহবিল গঠিত হতে পারে। একপর্যায়ে তিনি এ রকম তহবিল গঠনের বিষয়টি তুলে ধরার জন্য হুইলচেয়ারে বিশ্বভ্রমণ করার পরিকল্পনা নেন। তিনি বলেন, ‘জাতিসংঘের প্রতিটি সদস্যরাষ্ট্র তাদের জাতীয় বাজেটের শূন্য দশমিক ১ শতাংশ কিংবা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে এই তহবিল গঠন করতে পারে। এ ভ্রমণের মাধ্যমে প্রমাণিত হবে, প্রতিবন্ধীদের দিয়েও অনেক কঠিন কাজ করা সম্ভব।’ তিনি প্রথম আলো বন্ধুসভার সদস্য বলে জানান।অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালরি এ টেইলর মহরমের জন্য শুভ কামনা জানান। তিনি বলেন, ‘আমরা তাঁর জন্য গর্ববোধ করছি।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এডিডির কান্ট্রি ডিরেক্টর মোশাররফ হোসেন।