হুইলচেয়ারেই এসএসসি পাস

হেঁটে চলতে পারে না মেয়েটি। ডান হাতটিও অসাড়। কিন্তু মায়ের কোলে চেপে ও হুইলচেয়ারে করেই এবার কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেছে নুসরাত জাহান (১৬)। চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি তালতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে জিপিএ-৪ দশমিক ২৮ পেয়েছে সে।
২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সে জিপিএ-৩ দশমিক ২৯ পেয়ে পাস করে। ওই সময় নুসরাতকে নিয়ে প্রথম আলোতে ‘হুইলচেয়ারে বন্দী থাকেনি মেয়েটি’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল রোববার দুপুরে সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় গ্রামের বাড়িতে বসে কথা হয় নুসরাত ও তার বাবা-মায়ের সঙ্গে। একমাত্র সন্তানের সাফল্যে বাবা মাদ্রাসাশিক্ষক সাইফুল ইসলাম ও মা গৃহবধূ খালেদা ইসলাম দুজনই খুশি।
নুসরাত জানায়, চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে সে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে সময় বাড়ি থেকে প্রায় ছয় কিলোমিটার পথ হুইলচেয়ারে করে কেন্দ্রে যাতায়াত করতে হয়েছে। দোতলায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় মায়ের কোলে চেপে কক্ষে পৌঁছাতে হয়েছে এবং পরীক্ষা শেষে সেভাবেই নামতে হয়েছে।
যশোর বোর্ডের নিয়ন্ত্রকের অনুমতি নিয়ে এবার শ্রুতি লেখক হিসেবে সহায়তা করেছে হাজরাহাটি-তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রিতু খাতুন।
নুসরাতের মা খালেদা জানান, মস্তিষ্কে সমস্যাজনিত রোগের কারণেই শিশুকাল থেকেই নুসরাতের দুই পা ও ডান হাত অসাড়। তাকে দৌলাতদিয়াড় ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন তাঁরা। এরপর বাড়ি থেকে চার কিলোমিটার দূরের চুয়াডাঙ্গা শহরের ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভর্তি করানো হয়। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত সে কোনো দিন পরীক্ষায় অকৃতকার্য হয়নি।