হুইসেল বাজে, বাজার সরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা পউনে ছয়টা। খুলনা নগরের বিএল কলেজের অদূরে দৌলতপুর লেভেল ক্রসিং। লাইনের পাশে ও স্লিপারের ওপর বসেছে ভ্রাম্যমাণ বাজার। হঠাৎ ভেসে এল ট্রেনের হুইসেল। সঙ্গে সঙ্গে বেজে উঠল দোকানিদের কাছে থাকা বাঁশিও। তাঁরা স্লিপারের ওপর ও পাশ থেকে মালামাল সরিয়ে ট্রেন বেরিয়ে যাওয়ার পথ করে দিলেন। ট্রেন চলে গেলে আবার বসালেন দোকান।

এ চিত্র গতকাল রোববারের। খুলনার দৌলতপুর লেভেল ক্রসিং এলাকায় এভাবে প্রতিদিনই দোকান বসে। প্রায় দেড় শ দোকান রয়েছে এখানে। এর মধ্যে বেশির ভাগই ভাসমান।

লেভেল ক্রসিং এলাকায় এভাবে প্রাণের ঝুঁকি নিয়ে ব্যবসা করলেও রেলওয়ে কর্তৃপক্ষ এ ব্যাপারে একেবারে নির্বিকার। এটা প্রতিরোধে তাদের পক্ষ থেকে কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

সরেজমিনে দেখা গেছে, স্লিপারের ওপর বসেছে অনেকগুলো সবজির দোকান। লাইনের গা ঘেঁষে বিক্রি হচ্ছে মৌসুমিসহ নানা ধরনের ফল, মাছ, ডিম, শিশুদের পোশাক, ছিট কাপড়, জুতাসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী। বাজার বসায় লাইনের মাঝের পাথর চাপা পড়ে গেছে। একেবারে রেললাইনের ওপর রাখা হয়েছে আলু, মরিচ, পেঁয়াজ, ডাঁটা। কিছুক্ষণ পর পর ট্রেন যাচ্ছে। তখন মুহূর্তের মধ্যে মালামালও সরে যাচ্ছে। ট্রেন চলে গেলে আবার শুরু কেনাবেচা।

জানতে চাইলে তিনজন বিক্রেতা প্রায় একই বক্তব্য দিলেন। জানালেন, এখানে না বসে তাঁদের উপায় নেই। সামান্য লাভে বিক্রি। তা দিয়েই সংসার চলে।

মাসুদ মৃধা নামের এক বিক্রেতা বলেন, ‘ট্রেন আসার শব্দ শুনে বাঁশি বাজাই। ট্রেন এলে মালামাল সরায়ে নিই। চলে গেলি আবার বসি। এমনেই বহু বছর ধরে ব্যবসা করতিছি।’

স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, দৌলতপুর লেভেল ক্রসিং থেকে রেলস্টেশন পর্যন্ত প্রায় আধা কিলোমিটার দীর্ঘ এই জায়গায় বাজার বসছে প্রায় ১৫ বছর ধরে। আগে দৌলতপুর-ফুলবাড়ী সড়কের পাশে বসত বাজার। প্রথমে ছোট পরিসরে বসলেও দিনে দিনে বাজারের পরিধি বেড়েছে। বাজার বসে সকালে, শেষ হয় রাত ১১টায়। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে।

স্থানীয় আবু মোহাম্মদ সনি বলেন, ‘মাঝেমধ্যে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনা ঘটে। গত শুক্রবারই ট্রেনের ধাক্কায় একজন মারা গেছে। তাতে কী? দোকান তো সরে না!’

লেভেল ক্রসিংয়ের গেট ওঠানো-নামানোর চাবি আলতাফ হোসেনের কাছে। ছয় বছর ধরে এই ক্রসিংয়ে আছেন। তিনি জানান, প্রতিদিন এ লাইনের ওপর দিয়ে মালবাহী গাড়ি বাদেও ছয়টি আন্তনগর ট্রেনসহ মোট ১০টি ট্রেন যাওয়া-আসা করে। ট্রেন এলে তিনি বাঁশি বাজিয়ে সতর্ক করে দেন। হুইসেল শুনে অন্যরাও বাঁশি বাজিয়ে সরে যান।

বাজারটি নিয়ন্ত্রণ করে দৌলতপুর বাজার কমিটি। প্রতিদিন প্রত্যেক দোকানি এই কমিটিকে ২ টাকা, সিটি করপোরেশনের বাজার ইজারাদারকে ৫ টাকা ও রেলওয়ের কর্মীদের ৩ টাকা দিয়ে থাকেন।

এ বিষয়ে দৌলতপুর বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শেখ কামাল হোসেন বলেন, দৌলতপুর বাজারে সবজি ও ফল ব্যবসায়ীদের বসার জায়গা না থাকায় তাঁরা লাইনের পাশে ঝুঁকি নিয়ে বসেন। তাঁরা গরিব মানুষ। তাই যাতে তাঁরা এখানে ব্যবসা করতে পারেন, সে জন্য কমিটি, ইজারাদার ও রেলওয়ের কর্মীদের জন্য ১০ টাকা করে নেওয়া হয়। রেলওয়ের কর্মীরা লাইনের ময়লা পরিষ্কার করেন। তাই তাঁদের জন্য ৩ টাকা করে নেওয়া হয়।

দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. রেজাউল প্রথম আলোকে বলেন, রেলের ঊর্ধ্বতন কর্তারা এলে বাজার বসে না। তা ছাড়া মাঝেমধ্যে তুলে দিলে বিকেল না হতেই আবার বসে পড়ে।

খুলনা সিটি করপোরেশনের বাজার সুপার গাজী সালাউদ্দীন বলেন, দৌলতপুর বাজারের মালিকানা কেসিসি ও জেলা প্রশাসনের। শিগগির জায়গা নির্ধারণ করে ওই বাজারে একটি স্থায়ী ছাউনি করার চিন্তা আছে।