হুজ হু পুরস্কার পাওয়ায় আকরাম খানকে সংবর্ধনা
‘হুজ হু’ বাংলাদেশ, ২০১৬ পুরস্কার পাওয়ায় সাবেক ক্রিকেটার আকরাম খান ও প্রবাসী মনোয়ার হোসেনকে নাগরিক সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম নাগরিক ফোরাম। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের মুসলিম ইনস্টিটিউটে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের সহসভাপতি হাসিনা জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ সাবিহা মুছা, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক এ এফ ইমাম আলী ও পালি বিভাগের শিক্ষক জিনবোধী ভিক্ষু এবং সংবর্ধিত আকরাম খান ও মনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রামের খেলার মাঠগুলোতে সারা বছর খেলা ছাড়া অন্য সবকিছু হয়। মেলার কারণে শিশু-কিশোরেরা খেলতে পারে না। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। তরুণ প্রজন্মকে মাঠে নিয়ে আসতে হবে। এ জন্য খেলার মাঠগুলো আধুনিক করতে হবে।
গত ২০ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৩ জন গুণী ব্যক্তিকে ‘হুজ হু’ পুরস্কার দেওয়া হয়। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান ও দেশের বাইরে অবদান রাখায় মনোয়ার হোসেনকে পদক দেওয়া হয়।
যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘হুজ হু’ ১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ সারা বিশ্বের অনুসরণীয় গুণীজনদের পদক প্রদান ও সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করে থাকে।