হুজি সদস্য ওবায়দা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গ্রেপ্তার হওয়া জঙ্গি আবু ওবায়দা ওরফে ওবায়দুল্লাহ ওরফে হারুনকে (৩৫) গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় একজন নেতার ওপর হামলার মামলায় গত মঙ্গলবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।জঙ্গি আবু ওবায়দা সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলার অভিযুক্ত আসামি। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) প্রধান মুফতি হান্নানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। ওবায়দার কাছ থেকে মুঠোফোনের চারটি সিম জব্দ করা হয়েছে। আদালত সূত্র জানায়, আওয়ামী লীগের নেতার ওপর হামলার মামলায় জঙ্গি আবু ওবায়দাকে গতকাল ফেনীর বিচারিক আদালতে পাঠানো হয়। আসামির পক্ষে জামিনের আবেদন করা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী তার বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত ওবায়দাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবু ওবায়দা ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেটে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় হামলার উদ্দেশ্যে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হন। এতে আরও দুই ব্যক্তি নিহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ ওবায়দাকে গ্রেপ্তার করে। পুলিশি প্রহরায় চিকিৎসার পর তাঁকে সিলেট কারাগারে রাখা হয়। ওই ঘটনায় দুটি পৃথক মামলা হয়। এরপর জামিনে ছাড়া পেয়ে তিনি পলাতক থাকেন। ২০০৯ সালের ১২ অক্টোবর সোনাগাজী থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে সিলেট কারাগারে পাঠিয়ে দেয়। আবার জামিনে মুক্তি পেয়ে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। এরপর ১৪ এপ্রিল সোনাগাজী থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গাজী সালাহ উদ্দিনের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।