হুজির আরেক সদস্য গ্রেপ্তার
জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে খাইরুল বাশার ওরফে ইব্রাহীম (৩০) নামে এক ব্যক্তিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ডিবির দাবি, খায়রুল বাশার নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ‘অপারেশন উইংয়ের’ নেতা। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার নোয়াদ্দা গ্রামে। তিনি সেখানকার একটি মসজিদের ইমাম। তাঁকে গতকাল বুধবার ভোরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গতকাল দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং করেন ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, ডিবির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল খাইরুলকে গ্রেপ্তার করে। গত ২৫ অক্টোবর গ্রেপ্তার হওয়া হুজি নেতা মো. রফিকের অনুসারী তিনি।
মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাইরুল বলেছেন, গত বছর তাঁর নেতৃত্বে কয়েকজন হুজির সদস্য পাকিস্তানের করাচিতে প্রশিক্ষণ নিতে যান। সেখানের গোপন আস্তানায় পিস্তল, রিভলবার ও একে-৪৭ রাইফেল পরিচালনা, গাড়িবোমা ও কেমিক্যাল বোমা তৈরির ওপর প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
ডিএমপির যুগ্ম কমিশনার দাবি করেন, পাকিস্তানে খাইরুলের প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল ‘অ্যাটাক অন সফট অ্যান্ড হার্ড টার্গেট।’ সফট টার্গেট হলো অপেক্ষাকৃত কম সুরক্ষিত ও জনবহুল স্থান যেমন: রেলস্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালে হামলা চালানো। এতে ক্ষয়ক্ষতি বেশি ও প্রাণহানিও বেশি হয়। হার্ড টার্গেট বলতে সুরক্ষিত স্থানে হামলার কথা বলা হয়েছে।