হুজির ইয়াহিয়াসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
হরকাতুল জিহাদের (হুজি) আমির হাফেজ ইয়াহিয়া ও তাঁর কথিত দুই সহযোগীকে সন্ত্রাসবিরোধী আইনে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার এই তিনজনকে কিশোরগঞ্জের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে ভৈরব থানার পুলিশ। কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আয়েজ উদ্দিন শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে র্যাবের সদর দপ্তর থেকে ইয়াহিয়াসহ তিনজনকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়। একই রাতে র্যাব বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ভৈরব থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। ভৈরব থানা সূত্র জানায়, মামলায় ওই তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসী পরিকল্পনা, এ কাজে ব্যবহারের জন্য উপকরণ বহন ও সরবরাহ করার অভিযোগ আনা হয়। ইয়াহিয়া ছাড়া মামলার অপর দুই আসামি হলেন চট্টগ্রামের হাটহাজারীর ইয়ার মোহাম্মদ (৫০) ও মো. বাহাউদ্দিন (২২) । র্যাবের দাবি অনুযায়ী গত বুধবার রাত সোয়া দুইটায় ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বাসে তল্লাশি করে এই তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।