হুজির ছয় সদস্য দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হরকাতুল জিহাদের (হুজি) ছয় সক্রিয় সদস্যের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আদেশ দেন।

এই ছয়জন হলেন সাজ্জাদ উল আলম, আবুল বাশার, আশরাফুল আলম, মেজবাউর রহমান, সফিকুল ইসলাম ও আজিজুর রহমান।

এর আগে কোতোয়ালি থানায় করা এই মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আলমগীর হোসেন পাটোয়ারী এই ছয় আসামিকে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, এই ছয়জনই হুজির সক্রিয় সদস্য। তাঁদের সহযোগীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ড সংঘটিত করেছেন। তাঁরা ভিন্ন মতাবলম্বী মুসলিম ও অন্য ধর্মাবলম্বী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার পরিকল্পনা করেছিলেন। তাঁদের সহযোগীদের গ্রেপ্তারের লক্ষ্যে এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত ছয়জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

১৫ ফেব্রুয়ারি কোতোয়ালি থানাধীন জিন্দাবাহারের নবাব সিরাজুদ্দৌলা পার্কের ভেতর থেকে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে প্রথম দফায় তাঁদের ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়।