হুজির দুই সদস্য রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) দুই সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক ওই দুজনকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।

হুজির ওই দুই সদস্য হলেন: শহীদুল ইসলাম ও জাফর আহমেদ। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমেদ আসামিদের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা হুজির সক্রিয় সদস্য। তাঁরা নাশকতার পরিকল্পনা ছাড়াও তাঁদের নেতা কারাগারে আটক মুফতি হান্নানসহ হুজির অন্য সদস্যদের জামিনে মুক্ত করার জন্য অর্থ সংগ্রহ করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুজনই স্বীকার করেছেন, হুজির নেতৃত্ব দিচ্ছেন আবদুর রহমান, মো. লোকমান ও মো. মুক্কাদির। রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়, ঢাকার হোটেলসহ বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে নাশকতার পরিকল্পনা করা হয়। পলাতক অপর হুজি সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে এই দুই আসামিকে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসা করা প্রয়োজন।
শুনানি শেষে আদালত আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথিতে দেখা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে শহীদুলকে মতিঝিল থানাধীন রহমানিয়া আবাসিক হোটেল থেকে বিভিন্ন জিহাদি বইসহ গ্রেপ্তার করা হয়। আর জাফরকে গ্রেপ্তার করা হয় পল্টনের একটি বাসা থেকে। আসামিদের কাছ থেকে জিহাদি বই জব্দ করেছে পুলিশ।