হুজির নেতা মোস্তফা আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) যুক্তরাজ্য শাখার নেতা গোলাম মোস্তফাকে আবার চার দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগরের হাকিম নজরুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, গতকাল পাঁচ দিনের রিমান্ড শেষে মোস্তফাকে আদালতে হাজির করে ডিবি পুলিশ আরও সাত দিনের রিমান্ডের আবেদন করে। হাজারীবাগ সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) উপপরিদর্শক রতন শেখ আদালতকে বলেন, আসামি মোস্তফা দেশে অবস্থান করে জঙ্গি সংগঠনের জন্য তহবিল সংগ্রহ, জঙ্গি প্রশিক্ষণ ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁর দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। এ ছাড়া তিনি জঙ্গি সংগঠনগুলোর জন্য অর্থ সংগ্রহ ও অর্থের জোগানদাতা হিসেবে কাজ করছেন। এ অর্থের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২০০৭ সালের ২ ডিসেম্বর মোস্তফাকে অস্ত্রসহ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এ মামলায় তাঁর ১৭ বছরের কারাদণ্ড হয়। গত বছরের জানুয়ারিতে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। অভিযোগ রয়েছে, জামিনে বেরিয়ে তিনি বাংলাদেশে হুজিকে নতুন করে সংগঠিত করার চেষ্টা করছিলেন। ১৫ এপ্রিল তাঁকে আবার গ্রেপ্তার করা হয়।