বোমা তৈরির সরঞ্জাম, ককটেল ও হামলার নকশা উদ্ধার
হুজির প্রশিক্ষকসহ চট্টগ্রামে পাঁচজন গ্রেপ্তার
চট্টগ্রামের হাটহাজারী এবং রাঙামাটি সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) অন্যতম প্রশিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে ও আগের দিন রোববার বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে প্রশিক্ষণ-সংক্রান্ত বই, সন্ত্রাসী হামলা চালানোর নকশা, ককটেল, বোমা তৈরির সরঞ্জাম, ইলেকট্রনিক সার্কিটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।জানা গেছে, গ্রেপ্তার হওয়া হুজি সদস্যদের মধ্যে মো. মাহফুজুর রহমান ওরফে অপুর (২৯) বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানায়, আবুল ফারাহ রুমমানের (৩০) বাড়ি একই জেলার সদর থানায়, আবুল কালামের (৪৫) বাড়ি জামালপুরের মেলান্দহে, মো. সালাউদ্দিন হুসাইনী ভূঁইয়ার (৩৭) বাড়ি সীতাকুণ্ডে এবং মো. আবদুল্লাহ আল আমীনের (৩১) বাড়ি পাবনার সুজানগর উপজেলায়।র্যাব সূত্র জানায়, গত রোববার বিকেলে হাটহাজারীর আমানবাজার থেকে মাহফুজুরকে গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের রাউজান ও রাঙামাটির কাউখালী সীমান্তবর্তী পাহাড়ি এলাকা গোদারপাড় থেকে অন্য চার হুজি সদস্যকে গ্রেপ্তার করা হয়। র্যাবের ভাষ্যমতে, গতকাল ভোর সাড়ে চারটায় গোদারপাড়ে হুজির সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালালে তারা র্যাবের ওপর ককটেল নিক্ষেপ করে। জবাবে র্যাব সদস্যরা গুলি চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করেন। এ সময় র্যাব সদস্যরা ভারী অস্ত্র এসএমজির নয়টি ও পিস্তলের তিনটি গুলি ছোড়েন। অভিযানকালে হুজির আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়। র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. সাজ্জাদ হোসাইন প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া পাঁচজন সংগঠনের একেক বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। র্যাবের গোয়েন্দা ইউনিটের মাধ্যমে খবর পেয়ে আমরা রোববার বিকেলে সংগঠনটির অন্যতম প্রশিক্ষক মাহফুজুরকে গ্রেপ্তার করি। তিনি ১৫ বছর আগে হুজিতে যোগ দেন। এখন হুজির প্রশিক্ষক। তাঁর তথ্যের ভিত্তিতে গোদারপাড়ে অভিযান চালিয়ে আমরা আরও চারজনকে গ্রেপ্তার করি।’র্যাব সূত্র জানায়, গোদারপাড় এলাকায় প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছিল হুজি। গোদারপাড় প্রশিক্ষণকেন্দ্র থেকে ১৪টি প্রশিক্ষণ-সংক্রান্ত বই, সাংগঠনিক বই, সামরিক কায়দায় তৈরি বিভিন্ন আক্রমণের একটি নকশা, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সার্কিট, এডপটার, ফিউজ, আইসি, ইলেকট্রনিক তার, ছোট-বড় ১১টি ককটেল, বিস্ফোরক পাউডার ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। র্যাব-৭-এর কার্যালয়ে হুজির পাঁচ সদস্যকে নিয়ে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা সরঞ্জাম ও বই সাংবাদিকদের সামনে আনা হয়। বইগুলোর মধ্যে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের ইকামাতে দ্বীন এবং ইসলামী ঐক্য ও ইসলামী আন্দোলন, মতিউর রহমান নিজামীর ইসলামী আন্দোলন ও সংগঠন, আসমা জাহান হেমার ইসলামের ছায়াতলে নারী ইত্যাদি বই রয়েছে। এ ছাড়া যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে একটি বই বাজারে ছাড়া হয়েছে, যার নাম জামায়াত এবং জামায়াত নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ বানোয়াট মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত। র্যাব সূত্র জানায়, আবুল ফারাহ চট্টগ্রামের মিরেরহাট এলাকায় প্রশিক্ষণ নেন। পরে তিনি টাঙ্গাইলের ধুলেরচর, সিলেটের উপশহর, ময়মনসিংহের ভালুকা ও হাটহাজারীতে প্রায় ১০টি পর্যায়ে প্রশিক্ষণ নেন। একপর্যায়ে আবুল ফারাহ হুজির প্রধান প্রশিক্ষক হন। আবুল কালাম বলেন, সংগঠনের বিভিন্ন কর্মীর বিরুদ্ধে করা মামলা তিনি তদারকি করছিলেন। তিনি ঢাকার পল্টন, চট্টগ্রামের হাটহাজারী, কক্সবাজারের উখিয়া থানায় করা বিস্ফোরক ও অস্ত্র আইনের মামলার আসামি। সালাহউদ্দিন হুজির রঙ্গন শিল্পগোষ্ঠীর সমন্বয়ক। আবদুল্লাহ আইটিতে পারদর্শী হওয়ায় সংগঠনের আইটি-সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেন। পরে তিনি ময়মনসিংহের বোররচর এলাকায় ৪০ দিনের প্রশিক্ষণ নেন।