হুজির যুক্তরাজ্য শাখার আমির কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) যুক্তরাজ্য শাখার আমির গোলাম মোস্তফাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম ইসমাইল হোসেইন এ আদেশ দেন। মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গতকাল মোস্তফাকে দুই দফায় নয় দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানায়। আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়, মোস্তফা দেশে অবস্থান করে জঙ্গি সংগঠনের জন্য তহবিল সংগ্রহ, জঙ্গি প্রশিক্ষণ এবং সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। তদন্তে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁর দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন। প্রতিবেদনে আরও বলা হয়, তদন্তের প্রয়োজনে তাঁকে আবারও রিমান্ডে নেওয়া হতে পারে। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০০৭ সালের ২ ডিসেম্বর মোস্তফাকে অস্ত্রসহ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে র‌্যাব গ্রেপ্তার করে। এ মামলায় তাঁর ১৭ বছরের কারাদণ্ড হয়। গত বছরের জানুয়ারিতে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। অভিযোগ রয়েছে, জামিনে বেরিয়েই তিনি হুজিকে নতুন করে সংগঠিত করার চেষ্টা করছিলেন। গত ১৫ এপ্রিল তাঁকে আবার গ্রেপ্তার করা হয়।