হুজির যুক্তরাজ্য শাখার নেতা গোলাম মোস্তফা চার দিনের রিমান্ডে
নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) যুক্তরাজ্য শাখার নেতা গোলাম মোস্তফাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জিজ্ঞাসাবাদ করছে।গত বৃহস্পতিবার রাতে সিলেটের বিশ্বনাথ এলাকা থেকে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। পরদিন শুক্রবার তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে ডিবি। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবি সূত্র জানায়, আফগানিস্তানে তৎকালীন সোভিয়েত বাহিনীর যুদ্ধ করা গোলাম মোস্তফা খুবই শক্ত প্রকৃতির। বেশির ভাগ প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।এর আগে শুক্রবার ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, এক বছর আগে জামিনে বেরিয়ে নতুন করে হুজিকে সংগঠিত করার চেষ্টা করছিলেন অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এ জঙ্গি। গোপন সূত্রে এ খবর পেয়ে ডিবি তাঁকে গ্রেপ্তার করে।