হুজির সদস্য সন্দেহে দুজনকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়ত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. রিদোয়ান (৩৪) ও জাফর আহম্মেদ (৩৫)। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জে। পিবিআইর ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, রিদোয়ান হুজির নারায়ণগঞ্জ এলাকার কমান্ডার। তাঁদের দুজনের বিরুদ্ধেই ওয়ারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাঁরা বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মের কথা বলে কৌশলে জঙ্গি সংগঠনের সদস্য করেন। এরপর তাদের দিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ড করান। তাঁদের কাছ থেকে হুজির লিফলেট, ছয়টি বই, মুঠোফোন, পেনড্রাইভ, মডেম ও ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে।