হুজির সন্দেহভাজন চার সদস্য ৬ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) সন্দেহভাজন চার সদস্যকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গ্রেপ্তার ব্যক্তিদের আজ আদালতে হাজির করে দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের (পশ্চিম) উপপরিদর্শক (এসআই) এম এম রাইসুল ইসলাম। ঢাকা মহানগর হাকিম শুনানি শেষে তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. রফিক আহমেদ ওরফে সাজিদ (৩৪), মো. উমর ওরফে ফয়জুল ওরফে রবি (২৫), মো. নাদিম আহমেদ ওরফে সুমন (৩০) ও মো. সালাউদ্দিন আহমেদ (২৯)। পুলিশ গতকাল শুক্রবার রাতে রাজধানীর টিকাটুলি ও উত্তরা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে ওয়ারী, উত্তরা (পশ্চিম) ও ফতুল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইন এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা হয়েছে।

আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার ও মুখপাত্র মো. মনিরুল ইসলাম জানান, তাঁদের কাছ থেকে বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে একজন হুজির নেতা, একজন বোমা বিশেষজ্ঞ, একজন বিস্ফোরক সরবরাহকারী ও একজন কর্মী। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে উচ্চমাত্রার বিস্ফোরকসহ বোমা তৈরির অন্তত ৫৫ ধরনের উপকরণ উদ্ধার করা হয়েছে। তাঁরা ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে উচ্চপর্যায়ের ব্যক্তিদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন।