হুজির সন্দেহভাজন দুই সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য সন্দেহে গ্রেপ্তার হওয়া নাদিম হোসেন ও ওমর ফারুক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালতে ওই দুজন জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন বলে দাবি করেছে পুলিশ।
তিন দিনের রিমান্ড শেষে নারায়ণগঞ্জের একটি আদালতে হাজির করা হয় তাঁদের। পরে তাঁদের জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।
আদালত ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে হুজি নেতা রফিক আহমেদের ল্যাবরেটরি থেকে গত ২৪ অক্টোবর উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম। জবানবন্দিতে গতকাল ওই দুজন এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে তাঁদের বাহিনী রয়েছে বলেও জানান তাঁরা। এর আগে রফিক আহমেদ ছাড়াও সালাউদ্দিন আহম্মেদ নামের আরেকজনকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশের ভাষ্যমতে, ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার মৃত সিরাজুল হকের ছেলে রফিক এবং ঢাকার ওয়ারী এলাকার নাঈম হোসেনের ছেলে নাদিম, আবদুল মতিনের ছেলে সালাউদ্দিন ও দেলোয়ারের ছেলে ফারুক। এঁদের মধ্যে ফারুক রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রফিক হুজির অন্যতম সংগঠক ও অর্থ সংগ্রহের দায়িত্বে নিয়োজিত। বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের নিয়ে ‘বাংলাদেশ জিহাদি গ্রুপ’ নামে একটি নতুন জঙ্গি বাহিনী গড়তে চেয়েছিলেন রফিক। এই চারজন ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামে নাশকতার পরিকল্পনা করেছিলেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কয়েকজন রাজনীতিকের ওপর হামলার পরিকল্পনাও ছিল তাঁদের।
পুলিশের দাবি, গত ২৪ অক্টোবর ঢাকা ও ফতুল্লা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) কয়েকটি দল।