
রাজধানীর পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলার ১২ বছর ১০ মাস পর এই মামলায় মুফতি হান্নানসহ ১৩ জঙ্গির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে সিআইডি। আসামিরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা-কর্মী।
এ ঘটনায় করা মামলায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি অভিযোগপত্র গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মৃণাল কান্তি সাহা। তবে আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় গতকাল অভিযোগপত্র বিচারকের কাছে উপস্থাপন করা হয়নি।
১৩ আসামি: অভিযুক্ত আসামিরা হলেন জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নান, শেখ ফরিদ ওরফে শওকত ওসমান, মুফতি আবদুল হাই, মুফতি শফিকুর রহমান, মাওলানা আবদুল হান্নান ওরফে সাব্বির, জাহাঙ্গীর আলম ওরফে ওস্তাদ জাহাঙ্গীর বদর, মুফতি মাঈনুউদ্দীন শেখ ওরফে জান্দাল, রফিকুল ইসলাম ওরফে মিরাজ, মশিউর রহমান, নুর ইসলাম, আরিফ হাসান সুমন, মুহিবুল্লাহ মুত্তাকিন ও আনিসুল ইসলাম ওরফে মুরসালিন। তাঁদের মধ্যে দুই সহদোর মুরসালিন ও মুত্তাকিন বর্তমানে ভারতের তিহার কারাগারে আটক আছেন। এই দুজনসহ মুফতি হান্নান, শেখ ফরিদ, আবদুল হাই, শফিকুর রহমান, সাব্বির, জাহাঙ্গীর বদর, জান্দাল ও সুমন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলারও আসামি। আর নুর ইসলাম পুলিশ সদর দপ্তরের সাবেক কর্মী। মশিউর রহমান ও রফিকুল ইসলাম সরাসরি বোমা হামলায় জড়িত ছিলেন।
আসামিদের সাতজন পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করা হয়েছে। অভিযোগপত্রে ১০৭ জনকে সাক্ষী করা হয়েছে।
অব্যাহতির আবেদন: আদালত সূত্রে জানা গেছে, অভিযোগপত্রে হুজির নেতা মাওলানা আবদুস সালাম, হাফেজ আবু তাহের, মুফতি মনির উদ্দিন, সিলেটের শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল, নারায়ণগঞ্জের শাহাদাত হোসেন জুয়েল, ভারতীয় জঙ্গি ও লস্কর-ই-তাইয়েবার নেতা মাওলানা ওবায়দুল্লাহ ও মনসুর আলী এবং রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলামসহ ৩০ জনকে অব্যাহতির দেওয়ার আবেদন করা হয়েছে।
২০০১ সালে ২০ জানুয়ারি পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সমাবেশে বোমা হামলা হয়। এতে সিপিবির পাঁচ নেতা-কর্মী নিহত হন।
পুলিশ ২০০৩ সালের ১৭ ডিসেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিলে এ ঘটনায় দায়ের হওয়া মামলার অপমৃত্যু ঘটে। পরে ২০০৫ সালের ২৭ জানুয়ারি সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি পুনরুজ্জীবিত করার আদেশ দেন আদালত। কিন্তু তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে মামলার তদন্তে কোনো অগ্রগতি হয়নি। তবে ২০০৬ সালের নভেম্বরে মুফতি হান্নান আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অন্য অনেক ঘটনার সঙ্গে পল্টনের বোমা হামলায়ও জড়িত থাকার কথা বলেন। পরে এক-এগারোর পটপরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার আমলে তদন্তে কিছুটা গতি আসে।