হুট করে সরানো হলো ১০ চিকিৎসককে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুট করে সরিয়ে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ১০ চিকিৎসককে। ২৩ মার্চ অধিদপ্তর এক আদেশ জারি করে। রোগীর চাপে বেসামাল বার্ন ইউনিটকে সহযোগিতা দিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেষণে ১৫ চিকিৎসক দেওয়া হয়েছিল।
বার্ন ইউনিটের নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ চিকিৎসকেরা প্রথম আলোকে জানান, ক্ষমতার প্রায় পাঁচ গুণ রোগীকে সামাল দিতে ১৫ চিকিৎসককে প্রেষণে পাঠানো হয়েছিল ২৬ জানুয়ারি। তাঁরা ঢাকারই অপেক্ষাকৃত কম ব্যস্ত হাসপাতাল থেকে এসেছিলেন। প্রতিষ্ঠানপ্রধানের অনুমতি নিয়ে তাঁদের সরানো হবে এমন মৌখিক আশ্বাস দিয়েছিল মন্ত্রণালয় ও অধিদপ্তর। কিন্তু আদতে কোনো পরামর্শ ছাড়াই অধিদপ্তর তাদের সরিয়ে নিয়েছে।
সরিয়ে নেওয়া এই ১০ চিকিৎসক হলেন: মো. আল কামাল আবদুল ওয়াহাব, জহুরুল ইসলাম, রোকসানা আক্তার, মুসা সাবিনা আক্তার, রজত বড়ুয়া, রাশিদুল হাসান চৌধুরী, মুহাম্মদ ফজলুল হক, শাহরিয়ার মো. কবির হাসান, ইকরাম হোসেন ফাহিম ও মিশকাতুল জামান। তাঁদের মধ্যে মো. আল কামাল আবদুল ওয়াহাব ও জহুরুল ইসলামকে তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেরত পাঠানো হয়েছে। এই কমপ্লেক্সের অধীনে একটি হাসপাতালেও অন্তর্বিভাগ নেই, সেবা বহির্বিভাগে সীমাবদ্ধ। অপর আটজনকে মুগদা ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফেরত পাঠানো হয়েছে।
জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালাম বলেন, ‘এটা অপ্রত্যাশিত’। এর চেয়ে বেশি কিছু বলতে চাননি তিনি।
তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. ইহতেশামুল হক চৌধুরী প্রথম আলোকে জানান, বার্ন ইউনিটের সঙ্গে আলোচনা করে চিকিৎসক প্রত্যাহার করা হয়েছে। মুগদা ও কুর্মিটোলার বার্ন ইউনিট ঠিকভাবে চালানোর জন্য তাঁদের সরানো হয়েছে। সারা দেশ থেকে ১০-১৫ দিনের জন্য ১০ জন করে চিকিৎসককে দগ্ধ রোগীদের সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণ দিতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হচ্ছে। কাজেই তাদের সমস্যা হওয়ার কথা নয়।
জানা গেছে, বার্ন ইউনিটে সরকারের অনুমোদিত চিকিৎসকের পদ মাত্র ৯টি। এর বাইরে ১৯ জন স্নাতকোত্তর শিক্ষার জন্য এসেছিলেন এবং তিনজন অবৈতনিক চিকিৎসক। এই ৩১ জন তিনটি পালায় রোগীদের সেবা দিচ্ছিলেন। সেবার ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে পড়ায় ১৫ জন চিকিৎসক আনা হয়েছিল। চিকিৎসকেরা বলছেন, স্নাতকোত্তর শিক্ষার্থীদের আটজন পাস করে ফেলেছেন। এখন তাঁরা দেশের বিভিন্ন জায়গায় চলে যাবেন। বার্ন ইউনিট কীভাবে চলবে সে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কর্তৃপক্ষ।