হুদহুদের কারণে পটুয়াখালীতে লঞ্চ চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবে পটুয়াখালীতে গুমোট আবহাওয়া বিরাজ করছে। নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পটুয়াখালী নদীবন্দরের অভ্যন্তরীণ ২২টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কলাপাড়া রার্ডার স্টেশন জানায়, অতিপ্রবল ঘূর্ণিঝড়টি আজ রোববার সকাল নয়টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল। পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ।

পটুয়াখালী নদীবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মাহাতাব উদ্দিন জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তা (ইনচার্জ) উপপরিদর্শক সঞ্জয় কুমার মণ্ডল জানান, সাগর উত্তাল রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি লক্ষণীয়। তাই পর্যটকদের উত্তাল সাগরে নামতে বিরত রাখতে প্রচার চালানো হচ্ছে।

পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার জানিয়েছেন, জেলা ও উপজেলা পর্যায়ে ঘূর্ণিঝড় প্রস্তুত কমিটি জরুরি সভা করে দূরবর্তী দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরাইকে প্রস্তুত রাখা হয়েছে। নিম্নাঞ্চলের মানুষকেও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রয়েছে।