হুদহুদের প্রভাবে আরও দুই দিন বৃষ্টি হতে পারে
ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামীকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে হুদহুদের প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা অশান্ত থাকায় সমুদ্রবন্দরগুলোকে গতকাল রোববার ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল। গতকাল বিকেলে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানায়।
হুদহুদের প্রভাবে গতকাল দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আজ সোমবারও রাজশাহী, রংপুর, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। মাঝে মাঝে বিরতি দিয়ে কাল মঙ্গলবার বিকেল পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যও বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় হুদহুদ গতকাল বিকেল চারটায় বাংলাদেশের উপকূল থেকে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ভারতের উত্তর অন্ধ্র উপকূল অতিক্রম করে। এরপর হুদহুদ উত্তর অন্ধ্র ও পার্শ্ববর্তী দক্ষিণ ওডিশার স্থলভাগ এলাকায় ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করছিল। এটি স্থলভাগের ওপর দিয়ে আরও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে বলে অধিদপ্তর জানায়।