হুদহুদের প্রভাবে জোয়ারে বরগুনার ২৬ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশ্বিনী পূর্ণিমা ও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবে গতকাল শনিবার দক্ষিণ উপকূলের নদ-নদীতে অধিক উচ্চতার জোয়ারে বরগুনার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের তোড়ে আমতলীর বৈঠাকাটা এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৫০ ফুট বিলীন হয়ে গেছে।
এ ছাড়া বরগুনা সদরের ডালভাঙা, মোল্লারহোরা, গুলিশাখালী, পাতাকাটা; আমতলীর বৈঠাকাটা, পশ্চিম ও পূর্ব ঘটখালী, বেতমোর, আঙ্গুলকাটা; তালতলীর নিদ্রা, সখিনা, আশারচর, জয়ালভাঙা, বামনার পুরাতন বামনা, রামনা; পাথরঘাটার পদ্মা, রূহিতা, হাজিরখাল, লালদিয়া, চর লঠিমার, জ্ঞানপাড়া; বেতাগীর সরিষামুড়ি, আলীয়াবাদ, কালিকাবাড়িসহ বেশ কয়েকটি গ্রাম পানিতে নিমজ্জিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরগুনা কার্যালয়ের পানি পরিমাপক বিভাগের কর্মকর্তারা জানান, গতকাল বরগুনার নদ-নদীতে বিপৎসীমার প্রায় ১১ সেন্টিমিটার ওপর দিয়ে জোয়ার প্রবাহিত হয়েছে।
স্থানীয় লোকজন জানান, ঘূর্ণিঝড় সিডর, আইলা এবং গত বছরের মহাসেনে বৈঠাকাটা এলাকার বাঁধটি খুবই দুর্বল হয়ে যায়। এরপর তা সংস্কার না করায় বাঁধটির বিভিন্ন স্থান ধসে যায়। শুক্রবার রাতে বাঁধটিতে বড় আকারের ফাটল দেখা দেয়। গতকাল সকালে কমপক্ষে ৫০ ফুট ধরে পায়রা নদীতে বিলীন হয়ে যায়। এতে বৈঠাকাটা, পশ্চিম ও পূর্ব ঘটখালী, আঙ্গুলকাটা ও বেতমোর—এই পাঁচটি গ্রামের অধিকাংশ ঘরবাড়ি হাঁটুপানিতে নিমজ্জিত হয়। এ ছাড়া এসব গ্রামের প্রায় ৫০০ একর আমন খেত পানিতে তলিয়ে যায়। অধিক জোয়ারে বৈঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্লাবিত হয়। কিন্তু গতকাল ঈদের ছুটি থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়নি।
স্থানীয় কৃষক আবুল হোসেন বলেন, ‘ঘরদুয়ারে পানিতে তরাইতে পারি না। সব চাইতে বেশি ক্ষতি অইবে এই পানি যদি আমন খেতে স্থায়ী অয়। তাইলে সমস্ত রোয়া (ধান চারা) পইচ্চা যাইবে, তহন মোগো পথে বইয়া পড়তে অইবে।’ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সালেহ জানান, দ্রুত বাঁধ নির্মাণ করা না হলে ৫০০ হেক্টর জমির আমন ফসলের খেত নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, ‘বাঁধটি বিলীন হওয়ায় কৃষকেরা ক্ষতির আশঙ্কায় রয়েছেন। কারণ, এখন আমন খেত পচে গেলে আর তা রোপণ করা যাবে না। আমরা চেষ্টা করছি যাতে ওই স্থানে সাময়িকভাবে জোয়ারের পানি আটকানো যায়, এমন ব্যবস্থা নেওয়ার।’
পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক বলেন, ‘এসব এলাকায় জরুরি ভিত্তিতে মেরামতের কাজ করা দরকার। কিন্তু, বরাদ্দ নেই বলে তা করা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কতৃর্পক্ষকে জানানো হয়েছে। অনুমতি পেলে কাজ শুরু করব।’