হুদহুদের প্রভাবে নদ-নদীতে পানি বৃদ্ধি
ভারতের অন্ধ্র ও ওড়িশা প্রদেশের দিকে ধাবমান শক্তিশালী ঘূর্ণিঝড় হুদহুদের বিরূপ প্রভাব বাংলাদেশেও পড়েছে। আজ শনিবার সকাল থেকে উপকূলীয় জেলা বরগুনাসহ দক্ষিণ উপকূলে মেঘলা ও গুমোট আবহাওয়া বিরাজ করছে। উপকূলীয় এলাকার নদ-নদীতে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
গত তিন দিন ধরে উপকূলীয় এলাকায় তীব্র রোদ ও দাবদাহ অব্যাহত ছিল।
আজ সকালে বরগুনা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালক কিশোর কুমার সরদার জানান, ঘূর্ণিঝড় হুদহুদ সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরগুনা কার্যালয়ের জোয়ার পরিমাপক বিভাগের কর্মকর্তারা জানান, আজ উপকূলের নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
কলাপাড়া আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দর ঝোড়ো হাওয়ার সম্মুখীন হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড় হুদহুদ বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা খুব কম। এটি উত্তর-পশ্চিমে অগ্রসর হওয়ায় ভারতের ওড়িশা ও অন্ধ্র প্রদেশের দিকে যাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলে প্রভাবে এক থেকে সর্বোচ্চ তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাস ও ঝোড়ো আবহাওয়া বিরাজ করতে পারে।