হুদা দম্পতির আপিল হাইকোর্টে পুনরায় শুনানির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় নাজমুল হুদা দম্পতির করা একটি আপিল হাইকোর্টে পুনরায় শুনানি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল নিষ্পত্তি করে আজ সোমবার এ আদেশ দেন।
পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির প্রথম আলোকে বলেন, হাইকোর্টে হুদা দম্পতির করা আপিল পুনরায় শুনানির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখন হাইকোর্টে তাঁদের করা আপিল শুনানি হবে।
ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৭ সালের ২১ মার্চ রাজধানীর ধানমন্ডি থানায় একটি মামলা করে দুদক। ওই মামলায় ২০০৭ সালের ২৬ আগস্ট বিচারিক আদালত নাজমুল হুদাকে পাঁচ বছর ও তাঁর স্ত্রী সিগমা হুদাকে তিন বছর কারাদণ্ডসহ অর্থদণ্ড দেন।
বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে হুদা দম্পতি হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে ২০১১ সালের ২০ মার্চ হাইকোর্ট তাঁদের আপিল মঞ্জুর করেন। দণ্ড থেকে অব্যাহতি পান তাঁরা। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদক পৃথক লিভ টু আপিল করে। শুনানি শেষে আপিল বিভাগ আজ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।