দুবাই বসে চট্টগ্রামে চাঁদাবাজি-ডাকাতি
হুন্ডির মাধ্যমে টাকা চলে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজ্জাদের কাছে
আরব আমিরাতে অবস্থান করে নিজস্ব বাহিনী দিয়ে চট্টগ্রামে চাঁদাবাজি ও ডাকাতির কাজ চালিয়ে যাচ্ছেন আট খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শিবিরের ক্যাডার সাজ্জাদ হোসেন। আর চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে আসা অর্থের একটি অংশ হুন্ডির মাধ্যমে চলে যাচ্ছে তাঁর কাছে। এসব ঘটনায় দায়ের করা কয়েকটি মামলার তদন্তে বিষয়টি বেরিয়ে এসেছে।২০০০ সালের ১২ জুলাই চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে শিবিরের ক্যাডাররা ব্রাশফায়ার করে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীসহ আটজনকে খুন করে। ওই মামলায় ২০০৮ সালের ২৭ মার্চ আদালত শিবিরের ক্যাডার সাজ্জাদসহ চারজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার আগেই সাজ্জাদ দুবাই পালিয়ে যান।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, সাজ্জাদের বাহিনীর সদস্যসংখ্যা প্রায় ২০ জন। সন্ত্রাসী সরওয়ার, ম্যাক্সন ও মহিমের নেতৃত্বে তাঁর বাহিনীর সদস্যরা নগরে চাঁদাবাজি-ডাকাতি করছে। পাঁচলাইশ ও বায়েজিদ এলাকায় বাড়ি নির্মাণ ও জমি কেনাবেচার আগে তাদের চাঁদা দিতে হয়। চাঁদার বড় একটি অংশ হুন্ডির মাধ্যমে দুবাইয়ে সাজ্জাদের কাছে পাঠানো হয়। পুলিশ সূত্র জানায়, শহরতলির চালিতাতলীর বাসিন্দা জনৈক হেলালের কাছে ৬০ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। আবার তাঁর দুবাইপ্রবাসী ছেলের কাছেও মোটা অঙ্কের চাঁদা চেয়েছিলেন সাজ্জাদ। সম্প্রতি তিনি দেশে আসেন। সাজ্জাদের নির্দেশে তাঁর বাহিনীর ম্যাক্সন ও সরওয়ারের নেতৃত্বে সন্ত্রাসীরা গত ২৩ জানুয়ারি হেলালের বাড়িতে হানা দেয়।সূত্র জানায়, ম্যাক্সন ও সরওয়ার ৬০ লাখ টাকা চাঁদা দিতে সময়সীমা বেঁধে দিয়ে হেলালের গাড়িতে গুলি চালায়। তারা হুমকি দেয়, পরে এলে গাড়ি নয়, হেলাল ও তাঁর পরিবারের সদস্যদের ওপর গুলি চালানো হবে। এ ঘটনায় বায়েজিদ থানায় একটি মামলা হয়েছে।গত ৪ ফেব্রুয়ারি রাতে নগরের শেভরন নামের একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে সন্ত্রাসীরা ১১ লাখ টাকা লুট করে নেয়। এ সময় একজন চিকিৎসককে মারধর করা হয়। পরদিন ৫ ফেব্রুয়ারি পুলিশ নগরের কয়লাঘর এলাকা থেকে ফিরোজ ও মনিরুজ্জামান নামে দুজনকে গ্রেপ্তার করে। এ সময় ফিরোজের কাছ থেকে ১২টি গুলিভর্তি দুটি বিদেশি পিস্তল, তিনটি গুলিসহ একটি ম্যাগাজিন, একটি একনলা বন্দুক, একটি বন্দুকের ব্যারেল, তিনটি কার্তুজ, দুটি চাপাতি ও চিকিৎসকের খোয়া যাওয়া থলে উদ্ধার করা হয়। ফিরোজ বলেন, ‘অস্ত্রগুলোর মালিক ম্যাক্সন ও সরওয়ার। তারা আমার কাছে এগুলো রাখতে দিয়েছিল।’ পুলিশ জানায়, এসব অস্ত্র ব্যবহার করে ম্যাক্সন, সরওয়ার ও মহিন নগরে চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই করে। সরওয়ারের বিরুদ্ধে তিনটি হত্যাসহ নয়টি মামলা আছে। মহিনের বিরুদ্ধে তিন খুনসহ ১০টি মামলা আছে। একাধিক হত্যাসহ কয়েকটি মামলার আসামি ম্যাক্সন। মহিন ও ম্যাক্সন অস্ত্র পরিচালনায় পারদর্শী। সূত্র জানায়, ডায়াগনস্টিক সেন্টারে ডাকাতির নেতৃত্বে ম্যাক্সন ও সরওয়ারই ছিল। এর আগে সাজ্জাদের নির্দেশে গত ৩০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় রপ্তানির জন্য প্রস্তুত ৪০ হাজার শার্ট (শিশু পোশাক) ছিনতাই করা হয়। এ ছাড়া ২০০৩ সালে কালুরঘাট এলাকায় বেইস টেক্সটাইল কারখানার ৫৬ লাখ টাকা ছিনতাইয়ে তার লোকজন জড়িত ছিল। পুলিশ ৪০ হাজার লুণ্ঠিত শার্টসহ রুবেল নামে একজনকে গ্রেপ্তার করেছে। বায়েজিদ থানার ওসি মহিউদ্দিন জানান, রুবেল তাঁদের বলেছে, চাঁদাবাজি ও ডাকাতির অর্থের বড় একটি অংশ হুন্ডির মাধ্যমে সাজ্জাদের কাছে যায়।