দলের একাংশের নেতা-কর্মীদের হুমকি উপেক্ষা করে অবশেষে নোয়াখালীর সেনবাগে শান্তিপূর্ণ পরিবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা কাজি মফিজুর রহমানের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সেনবাগ পৌর এলাকা, কেশারপাড়, ডমুরুয়া ও অর্জুনতলা ইউনিয়নে ৩ হাজার ৯০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় কোথায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সেনবাগ পৌরসভার কাদরা এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজি মফিজুর রহমান নিজেই বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন। এ সময় কাজি মফিজুরের অনুসারী জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাজি মফিজুর রহমান ১৮ আগস্ট সংবাদ সম্মেলন করে সেনবাগ এলাকায় ত্রাণ বিতরণ করার ঘোষণা দেন। এর এক দিন পর ১৯ আগস্ট বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুকের নেতৃত্বাধীন উপজেলা বিএনপির পক্ষ থেকে পাল্টা সংবাদ সম্মেলন করে তা প্রতিহত করার ঘোষণা দেন। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে সেনবাগ বিএনপিতে নতুন করে বিরোধ দেখা দেয়।
সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী বলেন, বিএনপি নেতা কাজি মফিজ প্রতিপক্ষের কাছ থেকে হুমকি পাওয়ার বিষয়টি থানায় অবহিত করেছেন। গতকাল তাঁরা ত্রাণ বিতরণ করেছেন। কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।