হুমকি উপেক্ষা করে কেন্দ্রে যাওয়ার আহ্বান তাবিথের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাবিথ আউয়াল
তাবিথ আউয়াল

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল ২৮ এপ্রিল হুমকি-বাধা উপেক্ষা করে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার জনসংযোগকালে তিনি এ আহ্বান জানান।
বেলা দেড়টা থেকে তাবিথ আউয়াল মালিবাগসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘২৮ এপ্রিল খুবই গুরুত্বপূর্ণ। এ কয় দিন অনেক বাধাবিপত্তি আসতে পারে। মামলা-হামলার মাধ্যমে হয়রানি করা হবে। আপনারা এসব হুমকিধমকি উপেক্ষা করে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। বাস মার্কায় ভোট দিয়ে ভোটের মাধ্যমে নীরব বিপ্লব করবেন।’
এর আগে সকাল সাড়ে আটটার দিকে উত্তরার ৮ নম্বর সেক্টরের ৮ নম্বর বস্তির ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার মধ্য দিয়ে দিনের প্রচার শুরু করেন তাবিথ। সেখানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে কি না, এ নিয়ে আমাদের যথেষ্ট শঙ্কা আছে। সর্বশেষ সেনাবাহিনী মোতায়েন নিয়ে যে টালবাহানা হলো, তাতে আমাদের শঙ্কা আরও বেড়েছে।’
বেলা ১১টায় একটি পত্রিকা এবং দুপুর ১২টার দিকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের উদ্যোগে আয়োজিত দুটি আলোচনা সভায় অংশ নেন তাবিথ।
মালিবাগ চৌধুরীপাড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা প্রসঙ্গে তাবিথ আউয়াল বলেন, ‘আপনারা দেখেছেন শুরু থেকেই আমাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার ওপর হামলাকে সে প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখি।’ নির্বাচন কমিশনের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, তাদের সুষ্ঠু নির্বাচন আয়োজনের মানসিকতা নেই।