টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকেরা দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের পক্ষ থেকে হুমকি ও নিরাপত্তাহীনতার আশঙ্কার কথা কেন্দ্রীয় নেতাদের কাছে জানিয়েছেন। গতকাল বুধবার এলেঙ্গা রিসোর্টের হলরুমে আয়োজিত মতবিনিময় সভা ও সভা শেষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁরা এ কথা জানান। ১৮ নভেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন শহিদুল ইসলাম। কিন্তু জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আমানুর রহমান খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়কসহ অঙ্গসংগঠনের বেশ কিছু নেতা তাঁর পক্ষে অবস্থান নিয়েছেন। দলীয় সূত্র জানায়, দলের পক্ষ থেকে নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুই সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও কাজী জাফরউল্লাহ কর্মীদের সঙ্গে মতবিনিময় করতে গতকাল টাঙ্গাইলে আসেন। সভায় বিভিন্ন বক্তা অভিযোগ করেন, নিরাপত্তাহীনতার কথা চিন্তা করে অনেক কর্মী দলীয় প্রার্থীর পক্ষে কথা বলতে সাহস পাচ্ছেন না। শেখ ফজলুল করিম সেলিম বলেন, ভুল হোক শুদ্ধ হোক দল যাঁকে মনোনয়ন দিয়েছে তাঁকে বিজয়ী করতে প্রতিটি কর্মীর সর্বাত্মক কাজ করতে হবে। কাজী জাফরউল্লাহ বলেন, কেউ বিভ্রান্ত হবেন না। ভুল করবেন না। নৌকা প্রতীকের পক্ষে ভোট আনার ব্যবস্থা করবেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খানকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমেই নির্বাচন পরিচালনা করা হবে। খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, কোনো কর্মী নির্বাচনী কাজে গিয়ে যেন হুমকির মুখে না পড়েন, সে ব্যবস্থা নেওয়া হবে। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান, সাংসদ একাব্বর হোসেন, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব কামরুল হাসান খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলী আজগর খান, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে কেন্দ্রীয় নেতারা ও জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা বৈঠকে বসেন। বৈঠকে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।ছয়টি মোটরসাইকেল জব্ধ: ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, উপজেলার বিভিন্ন স্থান থেকে গতকাল বুধবার ছয়টি মোটরসাইকেল জব্দ করে থানায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৈধ কাগজপত্র ও চালকের লাইসেন্স না থাকায় এসব মোটরসাইকেল জব্দ করা হয়। উপনির্বাচনকে কেন্দ্র করে অবৈধ মোটরসাইকেল ধরতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালাচ্ছেন। অভিযান পরিচালনা করেন ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) মোসামঞ্চৎ শাহিনা আক্তার।