হুমকি ও হয়রানি করার অভিযোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের প্রার্থীদের সরে দাঁড়াতে হুমকি ও নেতা-কর্মীদের পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এ সময় ছয়টি ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন। তাঁরা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
সংবাদ সম্মেলনের বক্তব্য দেন সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়া। চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে বক্তব্য দেন চরজুবলী ইউনিয়নের নিজাম উদ্দিন, চরওয়াপদার জামাল উদ্দিন, চরক্লার্কের বশির আহমেদ, চরজব্বারের মো. আবদুল্লাহ, চরআমানউল্লাহর আবুল কাশেম ও মোহাম্মদপুর ইউনিয়নের খায়রুল আলম। সুবর্ণচরের আটটি ইউনিয়নে ২২ মার্চ নির্বাচন হবে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে দলের নেতা-কর্মীদের প্রতি হুমকি-ধমকিও তত বাড়ছে। দুই দিন ধরে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের নির্বাচনী প্রচারপত্রও বিলি করতে দেওয়া হচ্ছে না।
বিএনপির প্রার্থীদের অভিযোগ, ক্ষমতাসীন দলের লোকজনের পাশাপাশি চরজব্বার থানা থেকেও পুলিশ প্রতি রাতে বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের খোঁজ করছে। এতে সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন কি না, এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
তবে সংবাদ সম্মেলনে বিএনপির কোন প্রার্থীকে হুমকি দেওয়া হয়েছে এবং কোন কোন জায়গায় প্রচারপত্র বিলিতে বাধা দেওয়া হয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করা হয়নি।
এদিকে বিএনপির সংবাদ সম্মেলনে করা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম সেলিম চৌধুরী। গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, ‘আওয়ামী লীগ কেন বিএনপির প্রার্থীদের হুমকি-ধমকি দিতে যাবে। আসলে তারা (বিএনপি) পরাজয় নিশ্চিত বুঝতে পেরে এখন অপপ্রচারে নেমেছে।’
বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, পুলিশ কেবল মামলার আসামিদেরই গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এর সঙ্গে ইউপি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, আসামিকে গ্রেপ্তার করাকে যদি বিএনপি নির্বাচন উপলক্ষে হয়রানি বলে তাহলে কী করার আছে?