আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগকে হুমকি দিয়ে লাভ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুসারে সময়মতোই অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার খাগড়াছড়ি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন। খাগড়াছড়ি টাউন হলে দুপুরে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জ্ঞান জ্যোতি চাকমা। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, সহসভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, সাধারণ সম্পাদক জাহেদুল আলম প্রমুখ।
মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘সরকার পরিচালনায় আমাদের ভুলত্রুটি থাকতে পারে। কিন্তু দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।’ তিনি বিরোধী দলের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী সংলাপের প্রস্তাবের জবাবে বিরোধীদলীয় নেতা ৪৮ ঘণ্টার সময়সীমা দিলেন। হেফাজতকে সহায়তার ডাক দিলেন। হাজারো ষড়যন্ত্র করলেও নিজামী-মুজাহিদ-সাঈদীদের রক্ষা করতে পারবেন না। আগামী সংসদ নির্বাচনকালীন সরকার শেখ হাসিনার নেতৃত্বে গঠন করা হবে বলেও জানান তিনি।