হুমকি দিলেও বিরোধী দল শেষ পর্যন্ত নির্বাচনে আসবে: জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মনে করেন, বিরোধী দল একের পর এক আল্টিমেটাম ও হুমকি দিলেও শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসবে। তারা চার বছর ধরে স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সজীব ওয়াজেদ জয় আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে তাঁর ফেসবুক পেইজে পোস্ট করা লেখায় এ কথা বলেন।
ওই লেখায় জয় বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাটি আমাদের সুপ্রিম কোর্ট থেকে অসাংবিধানিক ঘোষিত হয়েছে। আমাদের সংবিধানের মুখবন্ধে বলা হয়েছে, বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র, যা নির্বাচিত জনপ্রতিনিধিদের শাসনাধীন। যার অর্থ হলো, যেকোনো অনির্বাচিত সরকার অসাংবিধানিক।’
অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থা নিয়ে আলোচনার জন্য বিরোধী দলকে প্রস্তাব দেওয়ার প্রসঙ্গটিও জয়ের লেখায় এসেছে। তিনি লিখেছেন, ‘অনেক মাস আগে থেকেই আমরা বিরোধী দলের কাছে নির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থা নিয়ে সমঝোতার প্রস্তাব দিয়ে রেখেছি। যা-ই হোক, আমাদের বিরোধী দল বারবার এ ধরনের যেকোনো আলোচনা প্রত্যাখ্যান করেছে এবং এর পরিবর্তে আল্টিমেটাম দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আলোচনা ফলপ্রসূ হবে বলে আমরা বিশ্বাস করি না।’
তবে বিরোধী দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে সজীব ওয়াজেদ জয় মনে করেন। তাঁর পোস্টে তিনি লিখেছেন, ‘বিরোধী দল একের পর এক আল্টিমেটাম এবং হুমকি দিয়েই যাচ্ছে, কিন্তু যা-ই হোক না কেন, শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসবে। তারা চার বছর ধরে স্থানীয় নির্বাচনে বারবার এই কাজ করেছে।’
আওয়ামী লীগ নির্বাচনে কারচুপি করেনি দাবি করে জয় লিখেছেন, ‘বাস্তবতা এই যে, আওয়ামী লীগ কখনো কোনো নির্বাচনে কারচুপি করেনি। এবারকার সময় নির্বাচন কমিশনের অধীনে ছয় হাজারের অধিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সবগুলো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়েছে। এটা শুধু বিএনপি, যারা নির্বাচনে কারচুপির আশ্রয় নেয়।’ তিনি আরও যোগ করেন, ‘১৯৯৬ সালে একটি জোচ্চুরির ইলেকশন করেছিল, যার ফলে তাদের পদত্যাগে বাধ্য করা হয়েছিল। ২০০৬ সালে তারা একটি নতুন খসড়া ভোটার তালিকা বানিয়েছিল যাতে অন্তত ১৪ মিলিয়ন ভুয়া ভোটার ছিল। এমনকি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সংবিধানের সাতটি ধাপ পাস কাটিয়ে উত্তরাধিকারসূত্রে নিজেকে প্রধান উপদেষ্টা নিয়োগ করেছিল, যার মাধ্যমে তারা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে ধ্বংস করেছে। এটা ছিল বিএনপির ২০০৭-এর নির্বাচনে কারচুপি করার ভয়ানক প্রচেষ্টা, যা সামরিক বাহিনীকে ক্ষমতা দখলের সুযোগ তৈরি করে দেয়।’