হুমকি দিলেন বিলবোর্ড মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবের সামনে বিলবোর্ড ব্যবসায়ীদের মানববন্ধন । ছবি সংগূহীত
জাতীয় প্রেসক্লাবের সামনে বিলবোর্ড ব্যবসায়ীদের মানববন্ধন । ছবি সংগূহীত

রাজধানীতে ‘একতরফাভাবে বিলবোর্ড উচ্ছেদ’ বন্ধ না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ওই ব্যবসায়ীদের সংগঠন আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নগরের দুই সিটি মেয়রকে বিলবোর্ড ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁরা মানবিক দিকটি বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, রাশেদুজ্জামান খান, কাজী মাহবুব আলম, সোহরাব হোসেন খান, নাজমুল হাসান, আবুল কালাম আজাদ, রাফিয়া আবেদীন প্রমুখ।
মানববন্ধনে বিলবোর্ড ব্যবসায়ীরা অভিযোগ করেন তাঁদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই আকস্মিক ও একতরফভাবে বৈধ বিলবোর্ড নামিয়ে ফেলা হচ্ছে। ব্যবসায়ী নেতারা দুই মেয়রের সঙ্গে দেখা করে যৌথ আলোচনার ভিত্তিতে একটি যৌক্তিক সমাধানে আসার প্রস্তাব দিলেও বিষয়টি আমলে নেওয়া হচ্ছে না। একটি নীতিমালা প্রণয়নের দাবিও উপেক্ষা করা হচ্ছে। অথচ দুই সিটি করপোরেশনের মেয়র ‘হঠকারী’ সিদ্ধান্ত থেকে সরে না এলে শত শত কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়বেন বিলবোর্ড ব্যবসায়ীরা। এ কারণে অনেক ব্যবসায়ী পথে বসে যাবেন। অনেকে ঋণখেলাপি হবেন। বেকার হয়ে পড়বে এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট পরিবার। 

বিলবোর্ডে প্রধানমন্ত্রীর কাছে আবেদন। আজ বুধবার কারওয়ানবাজার এলাকা থেকে তোলা। ছবি: সারফুদ্দিন আহমেদ
বিলবোর্ডে প্রধানমন্ত্রীর কাছে আবেদন। আজ বুধবার কারওয়ানবাজার এলাকা থেকে তোলা। ছবি: সারফুদ্দিন আহমেদ


ব্যবসায়ীরা জানান, সিটি করপোরেশনের ঘোষিত ‘গ্রিন ঢাকা-ক্লিন ঢাকা’ কর্মসূচি বাস্তবায়ন ও অবৈধ বিলবোর্ড উচ্ছেদে তাঁরা সর্বাত্মক সহযোগিতা করতে চান।
ব্যবসায়ীরা বলেন, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ট্যাক্স গ্রহণ করে প্রদর্শিত বিলবোর্ডগুলোর অনুমোদন দেওয়া হলেও বর্তমানে নবায়নের সুযোগ না দিয়ে একতরফাভাবে উচ্ছেদের নোটিশ জারি করেছে। অন্তত এক বছর সময় দিয়ে পর্যায়ক্রমে বিলবোর্ড উচ্ছেদের আহ্বান জানান তাঁরা।
আজ মানববন্ধন শেষে মিজানুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বরাবরে একটি স্মারকলিপি দেন।
সংগঠনের পক্ষ থেকে কাল বৃহস্পতিবার ফার্মগেট থেকে সংসদ অভিমুখে পদযাত্রার কর্মসূচির ঘোষণা করা হয়েছে।