চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ও খালেদা জিয়ার উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচিতে যোগ দিতে বাধা দেওয়া হলে আওয়ামী লীগ সরকারের পতনের ঘণ্টা বাজানো হবে। তিনি বলেন, সরকারের মন্ত্রীরা মহাসমাবেশ নিয়ে ভীত হয়ে নানা রকমের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। হুমকি-ধমকি দিচ্ছেন। কিন্তু হুমকি দিয়ে ঢাকার মহাসমাবেশে জনতার ঢলকে ঠেকানো যাবে না। গতকাল শুক্রবার বিকেলে নগরের সল্টগোলা ক্রসিং মোড়ে বন্দর থানা বিএনপির আয়োজনে গণমিছিলের কর্মসূচিতে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। সংক্ষিপ্ত সমাবেশের পর আমীর খসরুর নেতৃত্বে একটি মিছিল সল্টগোলা থেকে ইপিজেড হয়ে বন্দরটিলায় এসে শেষ হয়। পরে পতেঙ্গায় অনুরূপ আরেকটি গণমিছিলের নেতৃত্ব দেন আমীর খসরু। সল্টগোলায় বন্দর থানা বিএনপির সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান, যুবদল নেতা কাজী বেলাল, মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।