হুমকি-ধমকি দিচ্ছে আ.লীগ প্রশাসন করছে হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ পৌরসভা নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের হুমকি দেওয়া, পুলিশি হয়রানি ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছে বিএনপি। তবে আওয়ামী লীগের প্রার্থী ও প্রশাসন এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
এদিকে গত রোববার থেকে নওগাঁয় বিএনপির বেশ কিছু নেতা-কর্মীকে গ্রেপ্তার করায় আতঙ্ক বিরাজ করছে বিএনপির মেয়র পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে। পুলিশি হয়রানি ছাড়াও আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর কর্মী-সমর্থকেরা বিএনপির নেতা-কর্মীদের ভোটকেন্দ্রে না যাতে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, বিএনপির নেতা-কর্মীরা যাতে নির্বাচনী মাঠে না থাকতে পারেন, সে লক্ষ্যে সরকারদলীয় মেয়র পদপ্রার্থীর কর্মী-সমর্থকেরা ও প্রশাসন বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এমনটি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আবু বক্কর সিদ্দিক আরও বলেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই নেতা-কর্মীদের পুলিশি হয়রানি করা হচ্ছে। গত দুই দিনে ২০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নেতা-কর্মীদের হয়রানি করতে বিভিন্ন অজ্ঞাতনামা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিএনপি প্রার্থীর নিশ্চিত জয় দেখে প্রশাসনকে সরকার ব্যবহার করছে বলে তিনি অভিযোগ করেন।
পৌরসভার বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের প্রচার-প্রচারণা না করতে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে ১ নম্বর ওয়ার্ডের ডিগ্রির মোড়ে বিএনপির প্রচারণা ক্যাম্প ভেঙে দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকেরা।
ওই ওয়ার্ডের বাসিন্দা বিএনপি কর্মী খায়রুল আলম ও হুমায়ুন বলেন, সোমবার রাত আটটার দিকে আওয়ামী লীগের একজন বড় নেতা তাঁর কর্মীদের নিয়ে বিএনপির কর্মীদের প্রচারণা ক্যাম্প থেকে উঠিয়ে দেন। পরে তাঁরা সেখানকার ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলেন।
ছাত্রদলের সাবেক নেতা জুলহাজুর রহমান বলেন, ‘গত সোমবার রাতে আমাদের অনেক কর্মীর বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিয়েছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর কর্মীরা। এ ছাড়া গ্রেপ্তার আতঙ্কে গত তিন দিন ধরে রাতে বিএনপির নেতা-কর্মীরা বাড়িতে থাকছেন না।’
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ‘মৌখিকভাবে ছোটখাটো কিছু অভিযোগ পাওয়া গেলেও তদন্ত করে তার সত্যতা পাওয়া যায়নি। সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। অভিযোগ সত্য হলে অবশ্যই তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।’
বিএনপির নেতা-কর্মীদের হুমকি দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তাঁদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী দেওয়ান ছেকার আহমেদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি সংঘবদ্ধ দল। তারা (বিএনপি) নিশ্চিত পরাজয় ভেবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।’