কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সুবিধাভোগী’ এত দিন আওয়ামী লীগ এই বক্তব্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন বিএনপির নেতারা যেভাবে আরেকটি ১৫ আগস্ট ঘটানোর হুমকি দিচ্ছেন তাতে প্রমাণ হয়, জিয়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে মতিয়া চৌধুরী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংসদ ইলিয়াছ উদ্দিন মোল্লাহ্, পংকজ দেবনাথ প্রমুখ।মতিয়া চৌধুরী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে বলেন, ‘আপনি যুদ্ধাপরাধীদের বিচার চান কি না তা এক কথায় স্পষ্ট করে বলুন। জনগণ হ্যাঁ অথবা না শুনতে চায়।’ জোট সরকারের আমলে চট্টগ্রামের বিএনপির নেতা জামাল উদ্দিন হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে মতিয়া চৌধুরী বলেন, যারা মতদ্বৈধতার কারণে নিজের দলের লোককে হত্যা করতে পারে তারা শেখ হাসিনাকে হুমকি দিয়ে নিজেদের রাজনৈতিক পথ পরিষ্কার করতে চাইবে—এটাই স্বাভাবিক।সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনারও একই পরিণতি হবে।’ হানিফ এই বক্তব্য আগামী সাত দিনের মধ্যে প্রত্যাহারের আহ্বান জানান। অন্যথায় এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে তিনি সতর্ক করে দেন। তিনি আরও বলেন, ‘যারা বলেন, বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া যাবে না, তাঁরা দেশের সর্বোচ্চ আদালতের রায়কে অসম্মান করছেন। তাঁরা আইনের শাসনে বিশ্বাসী নয়।’