৩২ দেশের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের অংশগ্রহণে ‘প্যামস’ শুরু
হুমকি মোকাবিলায় এক সঙ্গে কাজ করার প্রত্যয়
হুমকিগুলো যখন রাষ্ট্র সীমানার ঊর্ধ্বে, তখন এদের মোকাবিলায় রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
গতকাল রোববার থেকে ঢাকায় শুরু হওয়া ৩৮তম প্রশান্ত মহাসাগরীয় সেনা ব্যবস্থাপনা সেমিনাের (প্যামস-৩৮) বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় সেনা কমান্ড যৌথভাবে চার দিনের এই সেমিনারের আয়োজন করেছে। সেমিনারের প্রতিপাদ্য ‘এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নব দৃষ্টি: স্থলবাহিনীর সুযোগ ও সম্ভাবনা’।
সীমানাবিহীন নানা হুমকি মোকাবিলায় ৩২টি দেশের ঊর্ধ্বতন সেনাবাহিনী ও নিরাপত্তা কর্মকর্তারা বাংলাদেশে এসেছেন নিজেদের অভিজ্ঞতা, জ্ঞান আর কৌশল বিনিময় করতে।
রাজধানীর একটি হোটেলে প্যামস-৩৮-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া ও যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সেনা কমান্ডার জেনারেল ভিনসেন্ট ব্রুকস। উদ্বোধনী বক্তব্যে সীমানাবিহীন শত্রুদের মোকাবিলায় দুই জেনারেলই একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জেনারেল ইকবাল করিম ভূইয়া বলেন, স্নায়ুযুদ্ধের পর থেকে জাতি-রাষ্ট্রগুলোর নিরাপত্তার ধারণাগত পরিবর্তন এসেছে। আন্তরাষ্ট্র দ্বন্দ্ব এখন বিচ্ছিন্ন ঘটনা, প্রচলিত ধারা নয়। নতুন ধরনের ‘শক্তি’ এবং এর ফলে সৃষ্ট ‘ধারা’ ভূরাজনীতিকে নতুন নতুন রূপ দিচ্ছে। আন্তদেশীয় অপরাধ, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক সম্পদের ক্ষয় এবং এ ধরনের বহু অ-প্রথাগত হুমকি নিরাপত্তা-সংক্রান্ত আলোচনায় জায়গা করে নিচ্ছে। খরা, রোগ, প্রাকৃতিক দুর্যোগ, অবৈধ মাদক চক্র, শিশু ও নারী পাচার, আন্তদেশীয় সন্ত্রাসী গোষ্ঠী এবং এ ধরনের অরও অনেক কিছু দেশের সীমানা মানে না। এগুলোর দ্বারা সবাই আক্রান্ত হচ্ছে না। দুর্বল-শক্তিশালী, ধনী-গরিব, উন্নয়নশীল-উন্নত সব ধরনের রাষ্ট্রই এগুলোর মুখোমুখি হচ্ছে। যখন হুমকিগুলো রাষ্ট্রের সীমান ছাড়িয়ে যায়, তখন এদের মোকাবিলায় রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
স্বাগত বক্তব্যে যুক্তরাষ্ট্রের জেনারেল ভিনসেন্ট ব্রুকস বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও উগ্র মৌলবাদ, সাইবার অপরাধ, সংক্রামক ব্যাধি, মানবজীবনের নিরাপত্তাকে ব্যাহত করে এমন প্রাকৃতিক পরিবর্তন—এই চার ধরনের হুমকি রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। সেমিনারগুলোতে এসব বিষয়ের ওপর আলোচনা হবে। নির্ধারিত কাঠামোর বাইরে আমাদের আলোচনা মতামত বিনিময়ের সুযোগ তৈরি করবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ একটি সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন। আরও বক্তব দেন এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ হনুলুলু, হাওয়াইয়ের অধ্যাপক ক্রিস্টোফার জে জি স্নেডেন।
এরপর প্যামস-৩৮ নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেনারেল ভিনসেন্ট ব্রুকস ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম। তাঁরা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সেনাবাহিনীর স্থলবাহিনীর কর্মকর্তাদের (লেফটেন্যান্ট কর্নেল থেকে লেফটেন্যান্ট জেনারেল বা সমমান) অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের একটি ক্ষেত্র প্যামস। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ড এর উদ্যোক্তা। ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের হাওয়াইতে প্রথম প্যামস অনুষ্ঠিত হয়। এতে নয়টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এর আগে ১৯৯৪ সালে বাংলাদেশে সর্বশেষ প্যামস অনুষ্ঠিত হয়েছিল।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, রিপাবলিক অব কোরিয়া (দক্ষিণ কোরিয়া), ভারত, চীনসহ ৩২টি দেশের প্রতিনিধিরা এবারের সেমিনারে অংশ নিচ্ছেন। এ ছাড়া ভানুয়াতু, টোঙ্গা, মালদ্বীপ, পাপুয়া নিউগিনির মতো দ্বীপরাষ্ট্রের সেনা কর্মকর্তাদের দেখাও মেলে প্যামসের মিলনমেলায়।
সেনা কর্মকর্তারা সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি ক্ষুদ্র দলে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবেন। আরও থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মঞ্চে সশস্ত্র ও নিরস্ত্র যুদ্ধের মহড়া প্রদর্শন করেছেন।