হুমকিতে এলাকাছাড়া এক প্রার্থী, আতঙ্কে আরেকজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকিতে স্বতন্ত্র প্রার্থী এলাকাছাড়া হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থীও। ফলে সেখানে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
প্রার্থী, কর্মী-সমর্থক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. শহিদ উল্যার লোকজন গতকাল শনিবার দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন। তাঁরা স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ হাওলাদারের কয়েকটি এলাকার পোস্টার ছিঁড়ে ফেলেন। এর আগে গত বৃহস্পতিবার তাঁর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল ভেঙে তছনছ করা হয়। কার্যালয় থেকে পোস্টার নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ইলিয়াছ হাওলাদার বলেন, ‘বৃহস্পতিবার থেকে আমি এলাকাছাড়া। আওয়ামী লীগের প্রার্থী শহিদ উল্যার ছেলে মো. রাজনসহ ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে। গতকাল তারা কেম্পেরহাট সড়ক ও আবাবিল গ্রাম থেকে আমার সব ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলে। দুপুরে তারা হায়দারগঞ্জ বাজারে আমার দোকানের নির্মাণকাজ বন্ধ করে দেয়। নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেয়। বিষয়টি আমি নির্বাচন কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি।’
সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপির প্রার্থী মো. রফিক উল্যা খান বলেন, আতঙ্ক সৃষ্টি করতে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন গ্রামে গ্রামে মহড়া দিচ্ছেন। তাঁদের নেতা-কর্মীদের নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী শহিদ উল্যা বলেন, ‘আমার লোকজন এসব ঘটনার সঙ্গে জড়িত নয়। ইলিয়াছ আলোচনায় আসার জন্য নিজেই তাঁর লোকজন দিয়ে ঘটনাগুলো ঘটাচ্ছেন।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, কার্যালয় ভাঙচুর ও পোস্টারে আগুন দেওয়ার বিষয়টি স্বতন্ত্র প্রার্থী মৌখিকভাবে জানিয়েছেন। তাঁকে লিখিতভাবে অভিযোগ দিতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।