হুমকিতে থানা ও উপজেলা পরিষদ
সিরাজগঞ্জ সদর, কাজীপুর ও চৌহালী উপজেলায় ব্যাপক নদীভাঙন শুরু হয়েছে। গত পাঁচ দিনে সদর ও কাজীপুর উপজেলায় পাঁচ শতাধিক বাড়িঘর ও কয়েক শ বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বাঁধের দুটি স্পারের মাটির স্যাংক ধসে যাচ্ছে। চৌহালী উপজেলা পরিষদ ও থানা ভবন ভাঙনের হুমকির মুখে রয়েছে। আকস্মিকভাবে ভাঙন শুরু হওয়ায় এলাকাবাসী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা নদীতে গত শনিবার থেকে পানি বাড়ছে। এর ফলে সদর ও কাজীপুর উপজেলার যমুনা নদীর পশ্চিম তীরে মেঘাই থেকে শুরু করে শিমলা পর্যন্ত খুদবান্দি, আফানিয়া, সিংড়াবাড়ী, পাটাগ্রাম, ঘাঁটিশুভগাছা, বালুঘুঘরী, বাহুকা ও ইতালি মৌজার প্রায় ১০ কিলোমিটার জুড়ে ভাঙন শুরু হয়েছে। এসব এলাকার পাঁচ শতাধিক বাড়িঘর এবং কয়েক শ বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। পাটাগ্রাম ও সিংড়াবাড়ী এলাকায় দুটি স্পারের মাটি ধসে যাচ্ছে। এসব এলাকার নদীর পারের লোকজন তাদের বাড়িঘর সরিয়ে নিতে শুরু করেছে।চৌহালী উপজেলা রক্ষা বাঁধের উজানে ১০ মিটার অংশে নতুন করে ভাঙন শুরু হয়েছে। এ কারণে উপজেলা পরিষদ চত্বরসহ থানা ভবন নতুন করে হুমকির মুখে পড়েছে।
আফানিয়া এলাকার ইয়াকুব আলী জানান, আকস্মিক এই ভাঙনের কারণে এসব এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। এ ছাড়া নদীর পশ্চিম তীর ঘেঁষে জেগে ওঠা চরও ভেঙে যাচ্ছে। পুলিশ সুপার এস এম এমরান হোসেন জানান, চৌহালী থানার পাশে ভাঙন শুরু হওয়ায় তা ঠেকানোর জন্য পাউবোকে জানানো হয়েছে। এ ছাড়া থানাটি স্থানান্তর করার বিষয়ে নির্দেশনা চেয়ে ১৩ মে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।পাউবো সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল বলেন, দু-এক দিনের মধ্যে বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করা হবে। পাউবো চৌহালীর নির্বাহী প্রকৌশলী জ্যোতি প্রকাশ ঘোষ জানান, উপজেলা পরিষদ ও থানা ভবন রক্ষার জন্য সিসি ব্লক ও বালুর বস্তা ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।