রাজশাহীর সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগীদের প্রতি অবহেলা, উদাসীনতা, খারাপ ব্যবহার ও প্রতারণার ঘটনা আবারও নিত্যনৈমিত্তিক ব্যাপারে দাঁড়িয়েছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো আমলে নিচ্ছে না। গতকাল শনিবার সকাল ১০টায় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের এক সভায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নৈরাজ্যকর পরিস্থিতিতে উদ্বেগ, উৎকণ্ঠা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা এসব কথা বলেন।পরিষদের আহ্বায়ক মো. জামাত খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা মো. লিয়াকত আলী, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, ফজলুল হক, হারুন অর রশিদ, দেবাশীষ প্রামাণিক, মঞ্জুর হাসান, এন্তাজুল হক, মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান খান, খাজা তারেক, এম এ মাজেদ, কল্পনা রায়, সুফিয়া বেগম, শ্যামল ব্যানার্জি, সাইদুর রহমান, নিজাম উদ্দিন প্রমুখ।বক্তারা বলেন, ২০০৮ সালে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার ফলে চিকিৎসাসেবার ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসে এবং সাধারণ রোগীরা উপকৃত হয়। কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্ধ হওয়ায় আবারও সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনার ওপর নজরদারি না থাকায় সাধারণ রোগীরা অবহেলা, বঞ্চনা, প্রতারণা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে নিষ্ঠুর আচরণের শিকার হচ্ছে। জরুরি বিভাগ ও বহির্বিভাগের আশপাশজুড়ে দালালদের দৌরাত্ম্য বেড়েছে। এই দালালেরা রোগীদের ভাগিয়ে ক্লিনিক ও প্যাথলজিতে নিয়ে গিয়ে চিকিৎসার নামে টাকাপয়সা হাতিয়ে নিচ্ছে। গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা মানুষ এদের খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছে।বক্তারা আরও বলেন, উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবাও ভেঙে পড়েছে। সেখানে চিকিৎসক না থাকায় অনেক সময় নার্স, ওয়ার্ডবয়দের দ্বারাও চিকিৎসা দিতে দেখা যায়। এ ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু ও অঙ্গহানির মতো ঘটনাও ঘটছে।