হুমকিতে নান্দনিক সৌন্দর্য

পুরান ঢাকার ফরাশগঞ্জের ‘বড় বাড়ি’ নির্মাণ করা হয়েছিল প্রায় দেড় শ বছর আগে। দীর্ঘদিন ধরে বাড়িটি সংস্কার না করায় এর কারুকাজগুলো দিনে দিনে ঝরে পড়ছে। এই বাড়িটির মতোই সূত্রাপুর ও শাঁখারীবাজার এলাকায় রয়েছে আরও প্রায় দেড় শ বাড়ি। যেগুলো সংস্কার না হওয়ায় ধ্বংসের মুখে পড়েছে।
রাজধানীর ঐতিহাসিক, নান্দনিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকার নান্দনিক সৌন্দর্যমণ্ডিত ৯৩টি ভবন, পুরো শাঁখারীবাজার এলাকা এবং ফরাশগঞ্জ, সূত্রাপুর এলাকার নয়টি সড়ককে সংরক্ষিত ঘোষণা করে আইন প্রণয়ন করা হয়। এতে রাজউকের নগর উন্নয়ন কমিটির কাছ থেকে লিখিত অনুমতি ছাড়া সড়কের দুই পাশের স্থাপনা অপসারণ, পুনর্নির্মাণ, পরিবর্তন এমনকি সংস্কারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
পর্যবেক্ষণে দেখা যায়, সরকারের এমন আইনের কারণে বাড়িগুলো পুনর্নির্মাণ ও সংস্কার করতে পারছেন না মালিকেরা। সরকারের তরফেও সংরক্ষণ বা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। চার বছর আগে শুধু শাঁখারীবাজার এলাকাকে নকশা ঠিক রেখে সংস্কার করতে সরকার ১৮ কোটি ২২ লাখ টাকা দিলেও এখনো তা বাস্তবায়ন শুরু হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এ প্রকল্পটি বাস্তবায়ন করার কথা।
এ বিষয়ে রাজউকের সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, শাঁখারীবাজারসহ অন্যান্য এলাকার ঐতিহ্য সংরক্ষণ করতে কয়েক মাস আগে একটি কমিটি গঠন করছে গণপূর্ত মন্ত্রণালয়। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর ঐতিহ্য সংরক্ষণ আইনের বাস্তবায়ন শুরু হবে।
সরেজমিন: বহুতল ভবন নির্মাণের জন্য চার বছর আগে ‘বড় বাড়ি’র পেছনের অংশ ভেঙে ফেলেন এর মালিক মো. শাকিল। তখন তাঁর বিরুদ্ধে মামলা করে রাজউক। এরপর থেকে শাকিলের পরিবারের কেউ সেখানে থাকেন না। বর্তমানে বাড়িতে বসবাস করছেন কয়েকজন ভাড়াটে। আর পেছনের অংশটিতে রয়েছে সাতটি কাঠের আসবাবপত্রের দোকান।
এ বড় বাড়ির মতোই ফরাশগঞ্জের ২৮, ৩৪, ৪৬, ৪৭, ৪৯ নম্বর বাড়িগুলোর বেহাল দশা। সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে বাড়িগুলোর নান্দনিক সৌন্দর্য।
এদিকে সূত্রাপুরের আর এম দাস রোডে (বাড়ি নম্বর ৩০) রয়েছে একটি জমিদার বাড়ি। সেখানে বসবাস করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রায় ৭০টি পরিবার। বিশাল এ বাড়িটির চারপাশের পলেস্তারা ঝরে পড়ছে। এ ছাড়া এতগুলো পরিবার বসবাস করায় বাড়িটি পরিণত হয়েছে বস্তিতে।
সম্প্রতি চকবাজারের চাম্পাতলী লেনে মোগল আমলের স্থাপনা ছোট কাটরার দেয়াল ঘেঁষে আইন অমান্য করে বহুতল ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। গত ২৯ জুলাই এ নিয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
শাঁখারীবাজারে ভবন ভাঙা চলছেই: শাঁখারীবাজারের ঐতিহ্যবাহী ৫৪ নম্বর বাড়িটি ভাঙার পর এবার ভাঙা হচ্ছে ১৪ নম্বর বাড়ি। গত মঙ্গলবার তিনতলার এ বাড়িটি ভাঙার কাজ শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, বাড়িটির চারদিকে পাটের চট দিয়ে ঢাকা। প্রতিদিন রাত ১০টা থেকে ভোর চারটা পর্যন্ত বাড়িটি ভাঙার কাজ চলে। গত চার দিনে ওপরের তলাটি ভাঙা হয়েছে। বাড়ির ভেতরে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি।
শাখারীবাজার ভূমি মালিক স্বার্থ রক্ষা পঞ্চায়েত কমিটির আহ্বায়ক অজয় কুমার নন্দী বলেন, শত বছরের পুরোনো বাড়িগুলোতে ঝুঁকি নিয়ে প্রায় এক হাজার ৪০০ পরিবার বসবাস করছে। যেকোনো সময় এসব বাড়ি ধসে পড়তে পারে। তাই অনেক বাড়ির মালিক বাধ্য হয়ে বাড়ি ভাঙছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তরের (এলজিইডি) প্রকল্পের পরিচালক আহসান হাবিবের দাবি, শাঁখারীবাজারের প্রকল্পটি বাস্তবায়নের কাজ চলছে। আর প্রকল্পটি বাস্তবায়ন করতে ওই এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে। অন্যথায় তা করা কঠিন।
চার বছর আগে আইনটি প্রণয়ন করা হলেও তা এখনো বাস্তবায়নের উদ্যোগ না নেওয়ায় হতাশা প্রকাশ করে নগর ঐতিহ্য রক্ষায় কাজ করা প্রতিষ্ঠান আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম বলেন, এভাবে চলতে থাকলে রাজধানীর ঐতিহ্য বলে কিছু থাকবে না।