হুমকিতে নির্মাণাধীন বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার চর খড়িবাড়ী ইউনিয়নের তিস্তা নদীর ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পয়েন্ট থেকে এক-দুই কিলোমিটারের মধ্যে ছয়টি স্থানে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। নদীর মাঝখান থেকে পাথর উত্তোলনের সময় উঠে আসা বালু নদীর মধ্যেই জমতে জমতে পাহাড়ের আকৃতির হয়েছে। ফলে বাধাগ্রস্ত হচ্ছে পানির প্রবাহ।

পাশাপাশি হুমকির মুখে পড়েছে ‘চর খড়িবাড়ী সীমান্ত নদী বাঁ তীর সংরক্ষণ প্রকল্প’-এর আওতায় নির্মাণাধীন প্রায় সাত কোটি টাকা মূল্যের বাংলাদেশ-ভারত যৌথ বাঁধ। বাঁধটি ক্ষতিগ্রস্ত হলে চর খড়িবাড়ীসহ লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ও গড্ডিমারী ইউনিয়নের কমপক্ষে ১০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগের অধীন নির্মাণাধীন ৬৪০ মিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত যৌথ এ বাঁধটি বাংলাদেশের ডিমলা উপজেলার চর খড়িবাড়ী ও ভারতের কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার তিস্তাপস্তির পাড় বিএসএফ ক্যাম্পের সীমানা ঘেঁষে অবস্থিত।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী বীরপ্রতীক বলেন, নদীভাঙন রোধে বিএসএফের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ২০১২ সালের নভেম্বরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এখানে অস্থায়ী বাঁধ নির্মিত হয়। পরে যৌথ নদী কমিশন (জেআরসি) এবং বিজিবি-বিএসএফের মধ্যে উচ্চপর্যায়ের কয়েক দফা বৈঠকের পর এখানে স্থায়ী বাঁধ নির্মাণের সিদ্ধান্ত হয়। ভারতের অংশে ভারত সরকার এবং বাংলাদেশ অংশে বাংলাদেশ সরকারের অর্থায়নে বাঁধটির নির্মাণ শুরু হয়।

সানিয়াজান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. এনায়েত উল্যাহ জানান, তিস্তা নদীর মধ্য বোমা মেশিন দিয়ে দীর্ঘদিন থেকে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। নদীর মধ্যে বালুর স্তূপ পাহাড়ের আকার ধারণ করেছে। এতে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে পূর্বদিকে ধাবিত হবে। আসন্ন বর্ষায় নির্মাণাধীন মূল বাঁধটি ভাঙনের কবলে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

অবৈধভাবে পাথর-বালু উত্তোলনবিরোধী আন্দোলনের সংগঠক সানিয়াজান ইউনিয়নের বাসিন্দা সাহেবর রহমান মোস্তাজির বলেন, পাথর উত্তোলন বন্ধ করার দাবিতে গত মঙ্গলবার দুপুরে বাঁধ এলাকায় তাঁরা সমাবেশ ও মানববন্ধন করেছেন। এ কর্মসূচিতে সানিয়াজান, গড্ডিমারী ও চর খড়িবাড়ী ইউনিয়নের বাসিন্দারা অংশ নেন। পাথর উত্তোলন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

এলাকাবাসী জানান, নির্মাণাধীন বাঁধটি ভেঙে গেলে ওই তিন ইউনিয়নের ৫০-৬০ হাজার হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পাউবোর ডালিয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী এ কে এম সরুতুজ্জামান জানান, বাঁধের দুই কিলমিটারের মধ্যে অবৈধভাবে নদী থেকে পাথর ও বালু তোলায় নির্মাণাধীন বাঁধটি হুমকির মধ্যে পড়বে।

২৩ মে কর্নেল নেয়ামুল ইসলাম নির্মাণাধীন বাঁধটির কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরে তিনি পাথর উত্তোলনে ব্যবহূত বোমা মেশিনগুলো জব্দের নির্দেশ দেন। বিজিবির সদস্যরা ছয়টি বোমা মেশিন জব্দ করে পাটগ্রাম কাস্টমস গুদামে জমা করেন। এ ঘটনায় মঙ্গলবার পাটগ্রাম থানায় মামলা হয়েছে।