হুমকিতে পরশুরামের বোরো আবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলার মুহুরি নদীর উজানে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ৩০ গ্রামের প্রায় পাঁচ হাজার একর জমির বোরো আবাদ এখন হুমকির মুখে।এলাকাবাসী জানান, দুই শতাধিক ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে মুহুরি নদীর পানিপ্রবাহ কমে গেছে। সেচের জন্য পানি তুলতে না পারায় চিথলিয়া ও ফুলগাজী ইউনিয়নের কৃষকেরা উদ্বিগ্ন। কৃষকদের আশঙ্কা, পানির অভাবে এবার প্রায় পাঁচ হাজার একর জমির বোরোর আবাদ বন্ধ হয়ে যেতে পারে। এর মধ্যে দুটি ইউনিয়নের প্রায় ১৫০টি সেচপাম্প বন্ধ হয়ে গেছে। চিথলিয়া ইউনিয়নের চারগ্রাম সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ও কৃষি পরিচালক সামছুল হুদা জানান, নদীতে পানি না থাকায় তাঁদের সমিতির ১০টি সেচপাম্প বন্ধ।চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, মুহুরি নদীর পানি শুকিয়ে যাওয়ায় চিথলিয়া ও ফুলগাজী ইউনিয়নের ৩০টি গ্রামের বোরো ধানের আবাদ হুমকির মুখে। নদীতে পানিপ্রবাহ স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে চারগ্রাম সমবায় সমিতি লিমিটেড ও চিথলিয়া ইউনিয়নের কৃষকেরা ৬ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যান ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। কৃষকের আবেদনে সাড়া দিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হানিফ-ই-হায়দার বিষয়টি দ্রুত সমাধানের অনুরোধ জানিয়ে ৯ ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের কাছে চিঠি লেখেন। চিঠিতে উল্লেখ করা হয়, মুহুরি নদীতে দুই শতাধিক ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে। এতে নদীতে পানিশূন্যতা দেখা দিয়েছে। কৃষি কর্মকর্তা সাত দিন নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, মুহুরি ও কুহুয়া নদীর সেচের পানি দিয়ে ওই এলাকার ১০ হাজার ৩৭৫ একর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি অফিস জানায়, চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া, ধনিকুন্ডা, দুর্গাপুর, উত্তর শালধর, দক্ষিণ শালধর, পশ্চিম অলকা, নোয়াপুর, রতনপুর, মধ্যম ধনিকুন্ডা, রামপুর, কুন্ডের পার জঙ্গলঘোনা, কিসমত শালধরসহ ২০টি গ্রাম এবং ফুলগাজী ইউনিয়নের জয়পুর, বৈরাগপুর, দেড়পাড়া, ঘনিয়ামোড়া, দৌলতপুর, বসন্তপুর, শাহাপাড়া, বরইয়া, শ্রীপুর ও বিজয়পুর গ্রামের কৃষকেরা বোরো চাষাবাদের জন্য মুহুরি নদীর পানির ওপর নির্ভর করেন।এ প্রসঙ্গে চিথলিয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা তরুণ কান্তি সাহা প্রথম আলোকে বলেন, ‘ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রামে মুহুরি ও কুহুয়া নদীর সংযোগস্থলে একটি রাবার ড্যাম স্থাপন করলে নদীতে আর পানিসংকট হবে না।’ তিনি বলেন, বোরো চাষাবাদের জন্য মুহুরি নদীর উজানে কিছুদিনের জন্য হলেও ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ রাখা দরকার। এতে পানিপ্রবাহ বাড়বে এবং সেচপাম্পগুলো আবার সচল হবে। এ বিষয়ে পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এটি কৃষকের প্রতিবছরের সমস্যা। গতবারের মতো এবারও মুহুরি নদীর মোহনায় অস্থায়ী বাঁধ দিয়ে চাষাবাদের ব্যবস্থা করা হবে।’ইউএনও আরিফ আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘কৃষকের আবেদনের বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়েছে।’