হুমকিতে রেলসেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবল স্রোতে সংযোগ সড়কের ২০ মিটার স্থানে ভাঙন ধরেছে। সড়ক ও সেতুর সংযোগস্থলে সৃষ্টি হয়েছে বিরাট খাদ। যেকোনো মুহূর্তে সেতুটি ধসে পড়তে পারে l প্রথম আলো
প্রবল স্রোতে সংযোগ সড়কের ২০ মিটার স্থানে ভাঙন ধরেছে। সড়ক ও সেতুর সংযোগস্থলে সৃষ্টি হয়েছে বিরাট খাদ। যেকোনো মুহূর্তে সেতুটি ধসে পড়তে পারে l প্রথম আলো

উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢল ও দুধকুমার নদের তীব্র স্রোতে ধসে পড়ার হুমকিতে পড়েছে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট রেলওয়ে সেতু। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল শনিবার দীর্ঘ ছয় ঘণ্টা সেতুসংলগ্ন সড়কে টায়ার জ্বালিয়ে, বাঁশ ও ড্রাম ফেলে তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এতে সেতুর দুই পাশে শত শত যানবাহন আটকা পড়লে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কতিপয় কর্মকর্তা ও ঠিকাদারের দুর্নীতির প্রতিবাদে ও সেতুসংলগ্ন সড়কে ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই অবরোধ করেন এলাকাবাসী।
দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এরশাদ আহসান হাবীব ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খোকন চৌধুরী ঘটনাস্থলে গেলে তাঁরাও অবরোধকারীদের তোপের মুখে পড়েন। পরে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে ফিরে যান তাঁরা।
গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পাউবোর হাজার হাজার ব্লক নদের তীরে পড়ে রয়েছে। প্রবল স্রোতে সংযোগ সড়কের ২০ মিটার স্থানে ভাঙন ধরেছে। সড়ক ও সেতুর সংযোগস্থলে সৃষ্টি হয়েছে বিরাট খাদ। অবস্থা এমন যে যেকোনো মুহূর্তে সেতুটি ধসে পড়তে পারে। স্থানীয় লোকজন পাউবোর দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন। সড়ক অবরোধের ফলে সেতু বন্ধ থাকায় এর ওপর দিয়ে চলাচলকারী সাতটি ইউনিয়নের কয়েক লাখ মানুষ দুর্ভোগে পড়েন।
বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, সেতুর সংযোগ সড়কটি রক্ষায় পাউবো ২০১২ সালে ১৬ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে। গত বছর এ নদের ব্যাপক ভাঙন দেখা দিলে ঐতিহাসিক সেতুটি রক্ষায় এলাকাবাসীর আন্দোলনের মুখে প্রকল্পের অর্থ বরাদ্দ দেওয়া হয়। সেতু রক্ষা ও ভাঙনরোধে ৮৬৮ মিটার তীররক্ষা বাঁধের কাজ পায় চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু এ প্রকল্পের কাজ চালানো হয় ধীরগতিতে। তৈরি করে রেখে দেওয়া হয় হাজার হাজার সিসি ব্লক। বলা হয়, বন্যার সময় এসব ব্লক ফেলা হবে। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, শুকনো মৌসুমে ব্লক, জিও ব্যাগ তীরে ফেললে আজকে এ অবস্থা হতো না। নদের ভাঙনের মুখে তীরবর্তী ১৮টি পরিবার স্থানীয় বাঁধে আশ্রয় নিয়েছে। ভাঙনের কারণে হুমকিতে রয়েছে ভরতের ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অর্ধশতাধিক ঘরবাড়ি।
ইউএনও এ জেড এরশাদ আহসান হাবীব বলেন, ‘দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত ওখানে ছিলাম। পানি উন্নয়ন বোর্ডের কাউকে পাইনি। স্থানীয় লোকজন স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ। আমরা তাঁদের শান্ত করার চেষ্টা করি।’ সেতটিু রক্ষা ও ভাঙনরোধে পাউবো কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে বলেও জানান তিনি।
পাউবোর উপসহকারী প্রকৌশলী আবদুল কাদের জানান, বিকেল থেকে ভাঙন এলাকায় কাজ শুরু হয়েছে। আশা করি, আর সমস্যা হবে না। দুর্নীতির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী এলপিআরে যাওয়ায় আমি অল্প কয়েক দিন হলো তাঁর দায়িত্বে আছি। আগের কথা বলতে পারব না।’