বরিশালের কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হওয়ায় পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কের দপদপিয়ায় নির্মিত আবদুর রব সেরনিয়াবাত সেতু ও তীরবর্তী অঞ্চল ভাঙনের হুমকির মুখে পড়েছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের সহায়তায় প্রতিদিন গড়ে ৫০-৬০ হাজার ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে।জেলা প্রশাসন সূত্র জানায়, আল জেরিন ১৫ লাখ টাকা ও রুকাইয়া ড্রেজার ১২ লাখ টাকায় কীর্তনখোলার বালুমহাল ইজারা নিয়েছে। তাদের বালু উত্তোলন চিহ্নিত করে দেওয়া হয়েছে। কিন্তু তারা ওই এলাকার বাইরে সেতু এলাকায়ও বালু উত্তোলন করছে। প্রতিষ্ঠান দুটি আবার প্রায় এক ডজন প্রতিষ্ঠানকে বালু তোলার সাব ইজারা দিয়েছে।সরেজমিনে দেখা গেছে, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর কয়েক গজের মধ্যে থেকে বালু উত্তোলন চলছে। নাম প্রকাশ না করার শর্তে এক বালু ব্যবসায়ী জানান, সততা ও সুবর্ণা ড্রেজার প্রায়ই সেতুর নিচ থেকে বালু উত্তোলন করে। এ ছাড়া এমভি রায়হান, আল আমিন ড্রেজার, স্বপন ড্রেজার, তানভির ড্রেজার, ছত্তার ড্রেজার, ভুলু ড্রেজারসহ আট থেকে বারোটি প্রতিষ্ঠান সেতুসংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলন করছে। একইভাবে কীর্তনখোলার অন্য জায়গায় যিকরুন, আমুয়া ড্রেজারসহ লোড ও আনলোড করার জন্য রয়েছে অনেক কার্গো ও মেশিন। বালু উত্তোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বালু কেনাবেচার বেশ কয়েকটি প্রতিষ্ঠান।আল জেরিন পরিচালনাকারী মো. লুৎফর রহমান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, বরিশাল নৌবন্দর থেকে নলছিটি উপজেলা পর্যন্ত অংশ ইজারা দেওয়া হয়েছে। তবে বালু উত্তোলনের সময় স্থানের হেরফের হয়। সেতু এলাকা থেকে বালু উত্তোলন করার নিয়ম না থাকলেও অনেক সময় উত্তোলন করা হয়। চরআবদানী এলাকায় বালু উত্তোলনকারী রুকাইয়া ড্রেজারের মালিক আমিনুর রহমান বলেন, নদীর চর থেকে বালু উত্তোলন করা হয়। তাতে তীরের কোনো সমস্যা হয় না। বরং বালু উত্তোলনের ফলে স্রোতের গতি পরিবর্তন হয়ে ভাঙন রোধ হয়।বালু উত্তোলনকারী একটি প্রতিষ্ঠানের মালিক মো. মোকলেছুর রহমান বলেন, ‘আগে তো সবাই ব্রিজের নিচ থেকে বালু তুলত। আমার ড্রেজার ৫০০ ফুট দূরে বসিয়েছি।’ আবদুস ছাত্তার বলেন, সেতু এলাকা থেকে অনেকেই বালু তোলে। জেলা প্রশাসন বা সেতু কর্তৃপক্ষ বাধা না দেওয়ায় বালু তোলা হচ্ছে। বালু তোলায় নিয়োজিত শ্রমিক মিজান লস্কর, সেলিম ও হাবিবুর রহমান জানান, নদী থেকে বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে শহরের বিভিন্ন স্থানের ডোবা ও পুকুর ভরাটে ব্যবহার করা হয়। এ ছাড়া নদীর পারে বালু উত্তোলন করে বিক্রি করা হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশালের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, সেতু এলাকা থেবে বালু উত্তোলন ঝুঁকিপূর্ণ। বেশি নিচ পর্যন্ত মাটির স্তর নেমে গেলে সেতুর ক্ষতি হবে। দপদপিয়া সেতুর প্রকৌশলী মো. সামসুল আরেফিন প্রথম আলোকে বলেন, মাটির স্তর অনুযায়ী সেতুর নকশা করা হয়েছে। ওই স্তর থেকে মাটি সরে গেলে সেতুটির ক্ষতি হবে। সেতু এলাকার উভয় দিকে ৫০০ মিটারের মধ্যে বালু উত্তোলন নিষেধ থাকলেও ব্যবসায়ীরা মানছে না। সেতুর পরামর্শক রণজিৎ কুমার ভৌমিক বলেন, বালু উত্তোলন করলে শুধু যে সেতুর ক্ষতি তা নয়। এর সঙ্গে নদীর গতিপথ পরিবর্তন হয়ে বসতবাড়িরও ক্ষতি হবে।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পলাশ কান্তি বালা প্রথম আলোকে বলেন, সেতু বা ভূমিধসের কারণ হতে পারে এমন কোনো স্থান থেকে বালু উত্তোলন করা ঠিক নয়। সেতু এলাকায় বালু তোলার অনুমতি নেই। এলাকা নির্ণয়ের বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) ও সার্ভেয়াররা নকশা করে দেয়। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার মো. রাজা মিয়া প্রথম আলোকে বলেন, যে জায়গায় বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে সেখান থেকে না তুলে সেতুসংলগ্ন এলাকা থেকে বালু তোলা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।পরিবেশ অধিদপ্তর বরিশালের উপপরিচালক খন্দকার মো. ফজলুল হক প্রথম আলোকে বলেন, নিয়ম অনুযায়ী বালুমহাল ইজারা দেওয়ার আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন। কিন্তু জেলা প্রশাসক ও সহকারী কমিশনারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো উদ্যোগ না নেওয়ায় কেউ ছাড়পত্র নেয়নি। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।