হুমকিতে হাকালুকির জলারবনের জীববৈচিত্র্য
মৌলভীবাজারে অবস্থিত প্রতিবেশগত সংকটাপন্ন দেশের অন্যতম বৃহৎ হাওর হাকালুকির জলারবনের জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে। জ্বালানির জন্য বনের গাছপালা কাটা, অবাধে গবাদিপশুর বিচরণ এবং মানুষের উপদ্রবের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে হাওরে কর্মরত কয়েকটি বেসরকারি সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন৷
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের জুড়ী, কুলাউড়া, বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে হাকালুকি হাওর বিস্তৃত। এর আয়তন প্রায় ২৮ হাজার হেক্টর। সরকার ১৯৯৯ সালে এ হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে।
হাওরের উন্নয়নে কর্মরত কয়েকটি বেসরকারি সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, হাকালুকির বিভিন্ন এলাকায় বেশ কিছু ছোট-বড় জলারবন রয়েছে। এসব বনে হিজল, করচ, বরুন ও নলখাগড়ার গাছ রয়েছে। সেখানে প্রায়ই মেছোবাঘ, শিয়াল, বনবিড়াল, সাপ, গন্ধগোকুলসহ বিভিন্ন জাতের বন্য প্রাণীর দেখা মেলে। এ ছাড়া এসব বন কালেম, কুড়া, ডাহুকসহ বিভিন্ন জাতের জলচর পাখির আবাসস্থলও। বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওরে পানি বেড়ে গেলে বন তলিয়ে যায়। শুষ্ক মৌসুমে স্থানীয় লোকজন জ্বালানির জন্য এসব বনের গাছের ডালপালা কেটে নেয়। বনের ভেতরে গরু-ছাগলও চরানো হয়। শুষ্ক মৌসুমে বনের ভেতর দিয়ে অবাধে লোকজন চলাচল করে। মাঝেমধ্যে খাবারের খোঁজে বেরিয়ে পড়া বন্য প্রাণীদের হাওর এলাকার লোকজন পিটিয়ে মেরে ফেলে। এসব কারণে হুমকিতে পড়েছে বনের জীববৈচিত্র্য।
সিবিএ-ইসিএ প্রকল্পের কুলাউড়া কার্যালয়ের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা বশির আহমেদ প্রথম আলোকে বলেন, বর্তমানে হাওরের এক হাজার ৫০ হেক্টর জায়গায় বন আছে। হাওর এলাকার মানুষই বনের ক্ষতি করছে বেশি। তবে এটা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। বন ও জীববৈচিত্র্য রক্ষায় লোকজনকে সচেতন করতে প্রায়ই উঠান বৈঠক হয়।
হাওরের উন্নয়নে কর্মরত প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা (সিএনআরএস) প্রকল্পের কুলাউড়া কার্যালয়ের সাইট কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ২০১৩ সাল থেকে জলবায়ু-সহিষ্ণু প্রতিবেশ ও জীবিকায়ন প্রকল্পের (ক্রেল) অধীনে তাঁরা হাকালুকি হাওর এলাকার দরিদ্র লোকজনের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছেন।