হুমকিতে ২২ কিলোমিটার বাঁধ, লক্ষাধিক ঝাউগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়নমূলক কাজে কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে বাঁধের পাশ ও ঝাউবাগানের ভেতর থেকে অবাধে বালু তোলা হচ্ছে। এতে ২২ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙনের হুমকিতে পড়েছে। বন বিভাগের ২০০ হেক্টর ঝাউবাগানের লক্ষাধিক গাছ লোনা পানিতে মরে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের প্রধান কামাল হোছাইন প্রথম আলোকে বলেন, কুতুবদিয়া দ্বীপের সমুদ্র উপকূল থেকে যেভাবে বালু ওঠানো হচ্ছে, তাতে অচিরেই দ্বীপটি বিলীন হয়ে যেতে পারে। ১৯৯০ সালে দ্বীপটির আয়তন ছিল উত্তর-দক্ষিণে ৫০ কিলোমিটার। ২০১১ সালে এসে দাঁড়িয়েছে ২৭ কিলোমিটার। চর থেকে বালু ওঠানো বন্ধ ও বনায়ন করলেই দ্বীপটি ভাঙন থেকে রক্ষা পাবে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুতুবদিয়া দ্বীপের পশ্চিমে সাগর উপকূল উত্তর ধুরুং ইউনিয়নের চর ধুরুং এলাকা থেকে আলী আকবর ডেইল ইউনিয়নের খুদিয়ারটেক চর পর্যন্ত ২২ কিলোমিটার বালুচরে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ।কুতুবদিয়া পর্যটন উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক আওরঙ্গজেব সিকদার বলেন, বাঁধ পুনর্নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য প্রতিদিন ৩৫-৩৬টি ট্রলি দিয়ে বালু পরিবহন করা হচ্ছে। তিন কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণে মাটি ব্যবহার করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সমুদ্রচরের বালু ব্যবহার করছে। উপজেলা ভূমি কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারী উৎকোচ নিয়ে বালু ওঠানোর কাজে সহযোগিতা করছেন বলে অভিযোগ করেন তিনি।অবশ্য একটি সড়কের ঠিকাদারের ব্যবস্থাপক আরিফুল ইসলাম দাবি করেন, ট্রলির মালিক আক্কাস ও শুক্কুর কীভাবে তাঁদের বালু সরবরাহ করছেন, তা তিনি জানেন না। আক্কাস বলেন, ‘ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগ রেখেই চর থেকে বালু ওঠানো হচ্ছে।’ বাঁধের ঠিকাদার মোহাম্মদ মনির দাবি করেন, বাঁধের পাশের বালু ব্যবহার করা হচ্ছে। তবে মাটির পরিবর্তে বালু ব্যবহারের বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি।২৮ মে দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, আলী আকবর ডেইল ইউনিয়নের কাহারপাড়া ও কাজীরপাড়া এলাকায় পাঁচটি ট্রাক দিয়ে বালু উঠিয়ে পাউবোর ১ নম্বর প্রকল্পের বেড়িবাঁধের কাজে ব্যবহার করা হচ্ছে। পরান সিকদারপাড়া, ঘিলাছড়ি, বাতিঘরপাড়া, চর ধুরুং, কাইছারপাড়াসহ ১৫ কিলোমিটার সমুদ্রচরে ৩০-৩৫টি ট্রলি ও ট্রাকযোগে বালু পরিবহন করতে দেখা গেছে। এতে বাঁধের পাশে ও ঝাউবাগানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব জায়গা দিয়ে জোয়ারের পানি ঢুকে আশপাশের এলাকা প্লাবিত হয়। এ কারণে গত শুষ্ক মৌসুমে দ্বীপের ছয় ইউনিয়নের কয়েক হাজার একর জমিতে কোনো চাষাবাদ হয়নি।কুতুবদিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাছিনা আখতার বলেন, উত্তর ধুরুং ইউনিয়নের চুল্লারপাড়ার পশ্চিমের সমুদ্রচর থেকে গত অক্টোবর-নভেম্বরে কয়েক লাখ ঘনফুট বালু ওঠানোয় ওই এলাকায় জোয়ারের পানির প্রবল স্রোতে তিন কিলোমিটার বাঁধ ভেঙে বিলীন হয়ে যায়। বর্তমানে বাঁধ না থাকায় তিন হাজার একর জমি অনাবাদি হয়ে পড়েছে। এক হাজারের বেশি ঘরবাড়ি ঝুঁকিতে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম মহিউদ্দিন মাহিম বলেন, কুতুবদিয়ায় সরকারিভাবে কোনো বালুমহাল নেই। তার পরও দ্বীপের উন্নয়নে সমুদ্রচর থেকে বালু ওঠানো হয়। তবে উত্তোলনকারীদের বেড়িবাঁধ ও ঝাউবাগানের ১০০ গজ দূর থেকে বালু ওঠানোর জন্য শর্ত দেওয়া আছে।বন বিভাগের কুতুবদিয়া রেঞ্জের কর্মকর্তা অসিত কুমার রায় বলেন, বর্তমানে ঝাউবাগান এলাকার পাশ থেকে বালু ওঠানো হচ্ছে। বাধা দিলেও কাজ হচ্ছে না। পাউবোর শাখা কর্মকর্তা আবদুস ছাত্তার বলেন, পাশ থেকে বালু ওঠানোয় বাঁধের মারাত্মক ক্ষতি হয়েছে, কয়েক কিলোমিটার বাঁধ ভেঙে গেছে।