হুমকিতে ৩৯ কোটি টাকার খুলনা শহর রক্ষা বাঁধ
খুলনা শহর রক্ষা বাঁধের বেশ কয়েকটি স্থান ইতিমধ্যে ধসে গেছে এবং বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। বাঁধের ওপর অবৈধভাবে পাকা, আধাপাকা ও কাঁচা স্থাপনা নির্মাণ এবং ইট-বালু রেখে ব্যবসা করায় প্রায় ৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ বাঁধটি হুমকির মুখে পড়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৩-৯৪ অর্থবছরে এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় সেকেন্ডারি টাউন ইনটিগ্রেটেড প্রটেকশন প্রজেক্টের আওতায় খুলনা শহর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। ৩৮ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) খুলনা-২-এর তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। নির্ধারিত সময়ের অনেক পরে ১৯৯৮ অর্থবছরে প্রকল্পের কাজ শেষ হয়।এ প্রকল্পের আওতায় জেলখানা ঘাট থেকে রুজভেল্ট জেটি পর্যন্ত নদীর তীর সংরক্ষণ কাজকে ১০টি প্যাকেজে ভাগ করা হয়। এর মধ্যে রুজভেল্ট জেটি এলাকায় দুটি, জেলখানা ঘাট থেকে জেনারেল হাসপাতালের পশ্চিম সীমানা পর্যন্ত দুটি এবং বড়বাজার এলাকার জুতাপট্টি হয়ে বিআইডব্লিউটিএ ঘাট পর্যন্ত ছয়টি প্যাকেজে ভাগ করা হয়।পাউবোর একাধিক সূত্রে জানা গেছে, বাঁধ নির্মাণকালে ব্যবসায়ীদের সঙ্গে শর্ত থাকে, নদীর তীর সংরক্ষণ কাজ সম্পন্ন হলে ব্যবসায়ীরা বাঁধের ভেতরের অংশে ব্যবসা করতে পারবেন। তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নকশা অনুযায়ী ঘর তৈরি করতে হবে। কিন্তু বাঁধের কাজ শেষ হওয়ার পর জেলখানা খেয়াঘাট থেকে নগরের ৫ নম্বর ঘাট পর্যন্ত ব্যবসায়ীরা নতুন করে ব্যবসা শুরু করার সময় শর্ত মানেননি। তাঁরা নিজেদের মতো করে ঘর তৈরি করেন।সরেজমিনে দেখা গেছে, নগরের বড়বাজার এলাকা, হাসপাতাল ঘাট, কালীবাড়ি ঘাট, ডেল্টাঘাটসহ সাত-আটটি স্থানে শহর রক্ষা বাঁধের ব্লক ধসে নদীগর্ভে বিলীন হয়েছে ও মূল বাঁধে ফাটল দেখা দিয়েছে। জেলখানা ঘাট থেকে কালীবাড়ি ঘাট পর্যন্ত বাঁধের ওপর ইট-বালু রেখে অনেকে ব্যবসা করছেন। এসব এলাকার বাঁধ দেবে গেছে। সম্প্রতি একটানা ভারী বর্ষণেও বাঁধের ক্ষতি হয়েছে। কালীবাড়ি এলাকা থেকে বিআইডব্লিউটিএ ঘাটের কাছাকাছি পর্যন্ত ব্লক সরিয়ে খুঁটি পুঁতে বাঁধের ওপর অসংখ্য পাকা, আধাপাকা ও কাঁচা স্থাপনা নির্মাণ করে প্রভাবশালী ব্যবসায়ীরা ব্যবসা করছেন।কালীবাড়ি এলাকার ব্যবসায়ী শাহাদত হোসেন বলেন, বিআইডব্লিউটিএর অসাধু কর্মকর্তাদের কারণে কিছু কিছু ব্যবসায়ী বাঁধের ওপর অবৈধভাবে দোকানপাট, আড়ত, হোটেল নির্মাণ এবং বাঁধের যেখানে সেখানে নৌকা-ট্রলার, লঞ্চ ভিড়িয়ে মালামাল ওঠানো-নামানোর ফলে বাঁধের ক্ষতি হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিএর একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বড়বাজার এলাকায় বহু প্রতিষ্ঠান কোনোটি অনুমোদন না নিয়ে, কোনোটি শুধু তীরভূমির অনুমোদন নিয়ে, কোনোটি আধাপাকা স্থাপনার অনুমোদন আবার কোনোটি কাঁচা ঘরের অনুমোদন নিয়ে দোতলা, তিনতলা ভবন করে ব্যবসা করছেন। বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন কর্মকর্তা মুন্সী মহিউদ্দিনের ছত্রছায়ায় সারেং জাকির হোসেন ও হেড ক্লার্ক নজরুল ইসলাম অবৈধ লেনদেনের মাধ্যমে ব্যবসায়ীদের সুযোগ দিয়েছেন। মুন্সী মহিউদ্দিন এ অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, যাঁরা অভিযোগ করেছেন, তাঁরা সঠিক তথ্য দেননি। বরং তিনি এসে জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে উচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছেন। পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা ও দখলদারের তালিকা করা হয়েছে। বর্তমানে নদী তীরভূমিতে সব ধরনের ইজারা বন্ধ রয়েছে। এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের (বিভাগ-২) নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা প্রথম আলোকে বলেন, বাঁধের ওপর ও ভেতরে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় বাঁধ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে বাঁধের বেশ কয়েক স্থানে ব্লক ধসে গেছে এবং ফাটল দেখা দিয়েছে। এতে শহর রক্ষা বাঁধটি হুমকির মুখে রয়েছে।