হুমকিতে 'বাঙ্গালী সেতু'

বগুড়ার সোনাতলা উপজেলার স্বজনেরপাড়া ও হুয়াকুয়া গ্রামের মাঝামাঝি এলাকার চরপাড়া-ওয়াপদা বাঁধ সড়কে বাঙ্গালী নদীর ওপর নির্মিত ‘বাঙ্গালী সেতু’র দক্ষিণ পাশের গাইড ওয়াল-সংলগ্ন সড়কের মাটি ধসে পড়েছে। এতে বড় ধরনের গর্ত তৈরি হওয়ায় হুমকির মুখে পড়েছে সেতুটি।
এলাকাবাসীর আশঙ্কা, নদীতে পানি বেড়ে যাওয়ায় এবং নদীভাঙন তীব্র আকার ধারণ করায় ক্ষতিগ্রস্ত গাইড ওয়াল যেকোনো সময় ধসে যেতে পারে।
সোনাতলা উপজেলার উত্তর বয়ড়া গ্রামের লাল মিয়া বলেন, ‘বিয়ানবেলা থ্যাকে রাতে অন্ধকারে এই সড়কত মানুষের চলাচল। নদীর ওপর বিরিজটা হওয়ার পর এপার-ওপার দুপারের সগলির উপকার হচে। কিন্তু এই বর্ষাত বিরিজের একপাশের মাটি ধসে গেচে। বিরিজে ওঠার আগত সুড়ঙ্গ হওয়ায় কখন যে বিরিজটা ধসে নদীত ভাঙ্গে পড়ে এই ভয়ে থাকি।’ একই উপজেলার শাহানবান্ধা গ্রামের ভ্যানচালক ডাবলু মিয়া বলেন, ‘সেতুডার একপাশে ভাঙ্গে গর্তের কারণে কয়ডা মাস হলো রাতত অন্ধকারত ভ্যান লিয়ে চলাচল করা যায় না।’
এ বিষয়ে সোনাতলার হুয়াকুয়া গ্রামের বাসিন্দা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বলেন, ‘এই সেতু দিয়ে প্রতিদিন উপজেলার পাঁচ ইউনিয়নের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। জনগুরুত্বপূর্ণ এই সেতুর বড় কোনো ক্ষতি হওয়ার আগেই এর গাইড ওয়াল দ্রুত মেরামত করা উচিত। সেতুটি এলজিইডির বলেই আমরা জানি।’
সরেজমিনে স্থানীয় ৮-১০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, জনগুরুত্ব বিবেচনা করে ২০০৪ সালে বাঙ্গালী নদীর ওপর প্রায় ২০০ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে সেতু পার হয়ে প্রতিদিন সোনাতলা উপজেলার পাকুল্যা, হাটশেরপুর, তেকানী চুকাইনগর, হরিখালী ও মধুপুর ইউনিয়নের গ্রামের লোকজন জেলা সদর ও গাবতলী উপজেলায় যাতায়াত করে। শত শত যানবাহনও চলাচল করে। কৃষকেরা এ পথেই তাঁদের উৎপাদিত পণ্য বাজারে আনা-নেওয়া করেন। কিন্তু এবারের বর্ষায় সেতুটির গাইড ওয়াল ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন মারাত্মক ঝুঁকির মধ্য দিয়ে যানবাহন চলাচল করছে।
এলাকাবাসী সূত্র জানায়, সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)। কিন্তু এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাঈম উদ্দিন মিয়া দাবি করেন, ‘বাঙ্গালী নদীর ওই স্থানে এলজিইডির কোনো সেতু নেই। সড়কটি দেখভালও এলজিইডি করে না। সড়ক ও সেতু দুটিই সড়ক ও জনপথ (সওজ) বিভাগের হতে পারে।’
অন্যদিকে বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমও দাবি করেন, ‘বাঙ্গালী নদীর ওপর নির্মিত ওই সেতুটি সওজের নয়, সেতুটি এলজিইডির হতে পারে।’