হুমকিদাতা ও দায় স্বীকারকারী সন্দেহে ৩ জন গ্রেপ্তার

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে হত্যার আগে হুমকিদাতা এবং পরে দায় স্বীকারের সঙ্গে জড়িত সন্দেহে নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম থেকে দুজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বলেছে, হত্যার আগে নীলাদ্রিকে ফেসবুকে হুমকি দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে মাওলানা আবদুল গাফফারকে গ্রেপ্তার করা হয়েছে। আর হত্যার পর দায় স্বীকারকারী সন্দেহে মর্তুজা ফয়সাল ওরফে সাব্বিরকে নারায়ণগঞ্জের কাঁচপুর ও মো. তারেককে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার তাঁদের পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।
গত ৭ আগস্ট রাজধানীর গোড়ানে নীলাদ্রিকে তাঁর নিজের বাসায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় খিলগাঁও থানায় হওয়া মামলাটি তদন্ত করছে ডিবি।
গতকাল মিন্টো রোডে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম বলেন, নীলাদ্রি হত্যায় এই তিনজন ছাড়া আগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, গাফফার একসময় চট্টগ্রামের আল জামাআতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসায় পড়ার সময় তাঁর কয়েকজন সহপাঠীর কাছ থেকে কথিত জিহাদি কার্যক্রম ও উগ্র মতবাদে উদ্বুদ্ধ হন। তাঁদের মাধ্যমে তিনি ফেসবুক ব্যবহার শেখেন। সেখানে তিনি বিভিন্ন উগ্রবাদী প্রচার চালাতে থাকেন। নীলাদ্রি হত্যার আগে এই আইডি থেকে হুমকি দিয়ে বলা হয়, ‘আইতাছি তোরে কোপামু চাপাতি দিয়ে।’ ডিবি অনুসন্ধান চালিয়ে তাঁর ফেসবুক আইডি থেকে হুমকির প্রমাণ সংগ্রহ করে তাঁকে গ্রেপ্তার করে।
মনিরুল ইসলাম বলেন, নীলাদ্রি হত্যার পর আনসার আল ইসলাম নামের একটি পেজ খুলে দায় স্বীকার করা হয়। সেই দায় স্বীকারের ঘটনায় গত মঙ্গলবার তারেককে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন। তবে এর মূল হোতা মর্তুজা ফয়সাল। এই দুজন আনসার আল ইসলামের পেজটি খুলে হত্যার দায় স্বীকার করেন। মর্তুজা ফয়সালের কাছ থেকে ডিভাইসটি জব্দ করা হয়েছে। তাঁদের আনসার আল ইসলামের সঙ্গে যোগাযোগ থাকার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, ছাত্রশিবিরের রাজনীতির পাশাপাশি ভারতীয় উপমহাদেশের ইসলামিক স্টেট আল-কায়েদার (একিউআইএস) সঙ্গেও তারেকের যোগাযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে ২০-২২টির মতো মামলা রয়েছে।
ব্রিফিংয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ঘটনাস্থলে থেকে হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করছেন না। তাঁরা গ্রেপ্তার হওয়ায় অন্য হত্যাকাণ্ডের সূত্র বের হবে। তিনি বলেন, হত্যার আগে হুমকির বিষয়ে গাফফার ও হত্যার দায় স্বীকার করার কথা মর্তুজা ফয়সাল ও তারেক স্বীকার করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএমপির কোনো থানায় নীলাদ্রি জিডি করতে গিয়েছিলেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিবির উত্তর বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম ও পূর্ব বিভাগের উপকমিশনার মো. মাহবুব আলম।
গতকাল রাতে যোগাযোগ করা হলে মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মাহবুব আলম প্রথম আলোকে বলেন, হুমকিদাতা গাফফার ও দায় স্বীকারকারী মর্তুজা ফয়সাল ও তারেককে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।